এক কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য জেলার কাটোয়ার মুল্টিগ্ৰামে
জেলার কাটোয়ার মুল্টিগ্রামে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এক কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শান্ত এলাকায় হঠাৎই নেমে এল আতঙ্কের ছায়া। শনিবার সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় এক কলেজ ছাত্রের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এবং আক্রান্তের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শনিবার সন্ধ্যা নাগাদ বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ওই কলেজ ছাত্র। হঠাৎই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে ধারালো অস্ত্র, সম্ভবত কাটারি বা হাঁসুয়া দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটিয়েই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।
মৃত ছাত্রের দাদা মাসুদ মিদ্দা সংবাদমাধ্যমকে জানান, তার ভাই মহঃ শাহিদ মিদ্দা কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি আরও বলেন, ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। কোনো প্রতিবেশী বা অন্য কারোর সঙ্গেও ওর কোনো শত্রুতা ছিল না। অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ও। সামনেই ওর চাকরির পরীক্ষা ছিল, যার প্রস্তুতি নিচ্ছিল। কেন এই আক্রমণ হলো, আমরা কিছুই বুঝতে পারছি না। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় কাটোয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে যে, আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। পুকুর পাড়ে আড্ডা দেওয়ার সময় তার সঙ্গে আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


