অভিনব উদ্যোগ, বিবাহের আসরে নববধূ অতিথিদের হাতে তুলে দিলেন বৃক্ষচারা


অভিনব উদ্যোগ, বিবাহের আসরে নববধূ অতিথিদের হাতে তুলে দিলেন বৃক্ষচারা

এ এক অভিনব উদ্যোগ। বিবাহের আসরে নববধূর হাত দিয়ে আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হল বৃক্ষচারা। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পাল্লারোডের কাছে সরমন্তপুরে। এখানকার বাসিন্দা অমিত চৌধুরী ও মালা চৌধুরী তাদের একমাত্র পুত্রের বিবাহের প্রীতিভোজে এই অভিনব উদ্যোগ বাস্তবায়িত করেছেন। আগত অতিথিদের হাতে বৃক্ষচারা ও ফুল গাছের চারা তুলে দিয়ে ছেলের বিয়ের প্রীতিভোজের আসরকে তারা অন্য রূপ দিয়েছেন। ফলে এই প্রীতিভোজের অনুষ্ঠানে আগত অতিথিদের কাছে এই দিনটি সত্যিই স্মরণীয় এক দিন হয়ে রইলো। সকলেই এই প্রীতিভোজের অনুষ্ঠানে এসে নববধূর হাত থেকে গাছের চারা পেয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে বর এবং কনেকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাছ প্রেমী সংগঠন গাছগুপের সদস্যরাও। এ প্রসঙ্গে গাছ গ্রুপের প্রাণপুরুষ তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী বলেন, সত্যিই এই অভিনব উদ্যোগকে প্রশংসা না করে পারছি না। এ এক মানবিক প্রচেষ্টা। যা আমাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। এইভাবে আমাদের পরিবেশ আরও সবুজে ভরে উঠুক সেটাই কিন্তু এই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য। আসুন, আগামী দিনে আমরা আরও অনেকে এই ধরনের উদ্যোগকে মন থেকে গ্রহণ করে, তাকে বাস্তবায়িত করার চেষ্টা করি।