৮ হাজার স্কুল বন্ধ করে ২২ হাজার মদের দোকান খোলে যে সরকার তাদের সরাতে হবে


৮ হাজার স্কুল বন্ধ করে ২২ হাজার মদের দোকান খোলে যে সরকার তাদের সরাতে হবে

রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে বারোটা বাজিয়েছে তৃণমূলের সরকার। আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পথ বন্ধ করে দিয়েছে তারা। শিক্ষকরা চাকরি পেয়ে চাকরি হারানোর বেদনাকে অনুভব করেছেন। স্কুলে শিক্ষক নেই, কোথাও আবার ছাত্র-ছাত্রী নেই। এক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে শিক্ষা ক্ষেত্রে। অথচ এই রাজ্য সরকার ২২ হাজার মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। তাই প্রতিটি ঘরের ছেলেমেয়ের কাছে শিক্ষার আলোকে পৌঁছে দিতে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুদীপ্ত গুপ্তকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে উল্লেখ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সুজন চক্রবর্তী। মঙ্গলবার বর্ধমানের বড়নীলপুর মোড়ে সিপিআইএম প্রার্থীর সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন সুজন। তিনি বলেন, গ্রাম বাংলার বুকে আজকে যে আর্থিক উন্নতি দেখছেন, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে, স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের নাগালে নিয়ে আসা হয়েছে, এই সবকিছুই করা হয়েছে বামফ্রন্টের আমলে। বর্ধমানের মতো শহরকেও উন্নত করা হয়েছে বামফ্রন্ট সরকারের শাসনকালে। আর বর্তমান রাজ্য সরকার একটাও নতুন কোনো কিছু গড়ে তুলতে পারেনি। অথচ তারা বাম আমলে জনসাধারণের সুবিধার্থে তৈরী নানান প্রকল্পকে নিজেদের বলে চালাচ্ছে। পুরো রাজ্যটার ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হয়েছে। বিজেপি আর তৃণমূল মিলে এক ধর্মীয় মেরুকরণের খেলা খেলছে। সেখানে মানুষের জন্য কোনো কথা নেই। রাজ্যের উন্নয়নে কোনো কথা নেই। শুধুই ধর্ম নিয়ে রাজনীতি চলছে। এই পরিস্থিতির পরিবর্তন আনার জন্য বামফ্রন্ট সরকার গড়ে তোলা দরকার। সুজন বলেন, বামফ্রন্টের কোনো বিকল্প নেই। আজ সারা দেশের কাছে কেরলের বামফ্রন্ট সরকার একটা মডেল সরকার। এই রাজ্যেও সেই সরকার গড়ে তোলার জন্য বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুদীপ্ত গুপ্তকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।