বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থী সহ কর্মীদের মারধরের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে ভোট প্রচারের সময় বাধা দান ও তাকে মারধর করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এ প্রসঙ্গে আয়োজিত এক সাংবাদিক সভায় সঞ্জয় দাস অভিযোগ করেন, তিনি তার বিধানসভা এলাকায় ভোট প্রচার করার সময় তাকে শক্তিগড় থানা এলাকার তৃণমূলের কয়েকজন নেতৃত্ব ও কর্মী প্রচারে বাধা দেন ও বন্দুক দিয়ে তাকে আঘাত করেন। তাদের দলের এক মহিলা কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে শক্তিগড় থানার ওসির দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন সঞ্জয়। বিজেপি প্রার্থী বলেন, উল্টে আমাদের দলের ৬ জনকে পুলিশ তুলে নিয়ে যায়। তিনি যখন এই প্রচার কার্যে বাধা পান সেই সময় সেখানে শক্তিগড় থানার ওসি সহ পুলিশ ও সেন্ট্রাল বাহিনী উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। সঞ্জয় দাস বলেন, আমি এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবেই রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে। তাই তাদের অবিলম্বে যাতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হবে বলে উল্লেখ করেন সঞ্জয়।


