1
আর্থিকভাবে সচ্ছলদের রেশন কার্ড ফেরত দেওয়ার আহ্বান মন্ত্রীর
পুরুলিয়ায় ঝটিকা সফরে এসে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের স্বেচ্ছায় রেশন কার্ড সরকারের কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রেশন কার্ড যাচাই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা প্রয়োজন।
এদিন জিরো টলারেন্স নীতি নিয়ে প্রথমবার পুরুলিয়া সফরে এসে তিনি তৃণমূল আমলের রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগও তোলেন। পাশাপাশি ১৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি পণ্যাগারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, পূর্ত প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, মানবাজারের বিধায়িকা ময়না মুর্মু, খাদ্য দপ্তরের বিশেষ সচিব সুনীল আগরওয়াল এবং বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো।
2
পুরুলিয়া জেলাজুড়ে যৌথ বাজার পরিদর্শন অভিযান
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি, কৃত্রিম সংকট ও বেআইনি মজুতদারি রুখতে পুরুলিয়া জেলাজুড়ে যৌথ বাজার পরিদর্শন অভিযান চালানো হয়েছে। পুরুলিয়া শহরের বড় হাট-সহ জেলার বিভিন্ন বাজারে জেলা পুলিশ, কৃষি দপ্তর, স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষের প্রতিনিধিরা এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের দাবি, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা নিশ্চিত করতেই এই যৌথ অভিযান চালানো হচ্ছে।
3
তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে নিয়ে বিতর্ক
কলকাতার অনুষ্ঠানে তসলিমা নাসরিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে কবি জয় গোস্বামীকে বক্তব্য রাখতে আবেদন করলে দর্শকরা তাকে চটি চাটা বলে বিক্ষোভ দেখান। তারপর কবি জয় গোস্বামী মঞ্চ থেকে নেমে নিজের জায়গায় ফিরে যান। এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনভিপ্রেত এই ঘটনা আয়োজকদেরও বিব্রত করে তোলে।
4
পিলখানায় হামিমের কারখানার হদিশ ! ১১ হাজার টাকার ভাড়া বাড়িতে চলত জামার ট্যাগের কাজ, ৫ দিন ধরে বন্ধ
হাওড়ার পিলখানার ৭ নম্বর আলম মিস্ত্রি লেনের একটি বাড়ির দুটি ঘরে দীর্ঘদিন ধরে জামার ট্যাগ তৈরির কারখানা চলত। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম ও তাঁর বাবা মইনুদ্দিন মণ্ডল ১১ মাসের চুক্তিতে মাসে ১১ হাজার টাকা ভাড়ায় ওই ঘর দুটি নিয়েছিলেন।
কারখানায় হামিম, তাঁর বাবা এবং এক মহিলা কর্মী কাজ করতেন। তবে স্থানীয়দের দাবি, গত ৪-৫ দিন ধরে কারখানাটি সম্পূর্ণ বন্ধ। এছাড়া প্রায় দু’মাস ধরে হামিমকেও এলাকায় দেখা যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কারখানাটি কেন বন্ধ, হামিম কোথায় এবং এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
5
পূর্ব রেলের দায়িত্ব নিয়েই বর্ধমানে স্টেশনে প্রথম জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার প্রথম বর্ধমান স্টেশন পরিদর্শনে এলেন গীতিকা পান্ডে। তিনি ১ নম্বর প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ এবং সংস্কারাধীন ৮ নম্বর প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্ব রেলের মূল লক্ষ্য ‘Nation First, Nation Always’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’ ভাবনা এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশিকা মেনেই কাজ হবে। তিনি বলেন, যাত্রী নিরাপত্তায় কোনও আপস করা হবে না এবং সময়ানুবর্তিতা ও পরিষেবার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে।
এছাড়াও স্টেশন আধুনিকীকরণ, ফ্রেট পরিবহণ বৃদ্ধি এবং ডানকুনি-সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর প্রকল্পের মাধ্যমে পণ্য পরিবহণ আরও দ্রুত করার পরিকল্পনার কথাও জানান তিনি। বর্ধমান জংশনে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান জিএম।
6
‘আমি কী ক্ষতি করেছিলাম তোমার, কলকাতা?’— উনিশ বছর পর ফিরে আবেগঘন তসলিমা
দীর্ঘ ১৯ বছর পর কলকাতার জনসমক্ষে ফিরলেন লেখিকা তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্রসদনে সেকুলার মিশন ট্রাস্ট ও ‘পশ্চিমবঙ্গের জন্য’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে হাততালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত দর্শকরা।
মঞ্চে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, তথাগত রায়, মোহিত রায়, শাশ্বতী ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল-সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তসলিমা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ইসলামিক মৌলবাদকে ইসলামিক মৌলবাদ এবং হিন্দুত্ববাদী মৌলবাদকে হিন্দুত্ববাদী মৌলবাদ বলতেই হবে। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ভূমিকাও তুলে ধরেন তিনি।
তবে অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে বক্তব্য রাখার আহ্বান জানানো হলে দর্শকদের একাংশ বিক্ষোভ দেখান, পরে তিনি মঞ্চ ছেড়ে চলে যান।
বক্তব্যের শেষে আবেগঘন বার্তায় তসলিমা বলেন, “কলকাতা, আমি কী ক্ষতি করেছিলাম তোমার?” তাঁর এই মন্তব্য ঘিরে অনুষ্ঠানে আবেগের পরিবেশ তৈরি হয়।
7
তৃণমূল নেতাদের সঙ্গে গোপন রুদ্ধদ্বার বৈঠক বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর, তোলপাড় পুরুলিয়ার রাজনীতি
পুরুলিয়ার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে তৃণমূলের জেলা পরিষদের সদস্যদের গোপন বৈঠককে ঘিরে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের একটি রিসর্টে জেলা পরিষদের ২৯ জন তৃণমূল সদস্যের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
জল্পনা, জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জীর বিরুদ্ধে শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। সূত্রের দাবি, সভাধিপতি নিবেদিতা মাহাতোর পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
কেন এই বৈঠক এবং আগামী দিনে পুরুলিয়া জেলা পরিষদের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।


