অনাবৃষ্টিতে ধান চাষ সংকটে, এসটিএফের জালে আরও এক সন্দেহভাজন | আজকের ৪ বড় খবর

1
অনাবৃষ্টির দাপট পুরুলিয়ায়, সেচের অভাবে অনিশ্চয়তায় ঝালদা ২ ব্লকের ২০টি গ্রামের ধান চাষ

পর্যাপ্ত বৃষ্টির অভাবে পুরুলিয়ার ঝালদা ২ ব্লকের মাঝিডি এলাকার কৃষকরা চরম সমস্যায় পড়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবার বর্ষায় বৃষ্টিপাত কম হওয়ায় মাঝিডি-সহ প্রায় ২০টি গ্রামের ধান চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেক ধানজমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, ফলে আমন ধান রোয়ার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাছেই থাকা ডিমু ড্যাম থেকে একটি সেচ ক্যানেল নির্মাণ করা হলে বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের সুবিধা মিলবে। পাশাপাশি ভবিষ্যতে জলসংকট মোকাবিলায় নতুন চেক ড্যাম তৈরিরও দাবি জানানো হয়েছে।

এখন কৃষকদের আশা, সেচ সমস্যার সমাধানে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

2
হাওড়ায় এসটিএফের জালে আরও এক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, মন্ত্রীকে নজরদারির অভিযোগে চাঞ্চল্য

হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায় অভিযান চালিয়ে আদিত্য সিং নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বর্ধমান থেকে হামিম মণ্ডল ও অর্পিতা সরকারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আদিত্যর নাম উঠে আসে বলে তদন্তকারী সূত্রের দাবি। আদিত্য বি.কম. দ্বিতীয় বর্ষের ছাত্র।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর ছেলের গতিবিধি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জঙ্গি চক্রের সদস্যদের কাছে পাঠানো হত।

সোমবার বর্ধমান জেলা আদালতে তোলা হলে এসটিএফ ১৪ দিনের হেফাজতের আবেদন জানায়। আদালত ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের কাছ থেকে একটি আইফোন উদ্ধার হয়েছে। সেই ফোনের তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্য ও সম্ভাব্য ষড়যন্ত্রের সূত্র খুঁজছে এসটিএফ।

3
বিল্ডিং প্ল্যান, বহুতল নির্মাণে কড়া নজরদারির ঘোষণা মন্ত্রীর

বিল্ডিং প্ল্যান, বহুতল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে তার মতামত জানাতে গিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে সব বিল্ডিং প্ল্যান অনুমোদন বা স্যানকশন হয়েছে, সেগুলি ফের খতিয়ে দেখা হবে। বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল ভবনের ক্ষেত্রে পার্কিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। কোনও সংস্থা বাণিজ্যিক ভবন তৈরী করলে, তাদের কর্মীদের পার্কিংয়ের দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থাকেই নিতে হবে।
অনুমোদিত নকশার বাইরে নির্মাণ কাজ হলে প্রোমোটারদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করা হবে।
অগ্নিমিত্রা পাল বলেন, তারাতলা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্তগুলি নিতে চলেছে।
নএবার থেকে বহুতল বা হাইরাইজ ভবন নির্মাণের ক্ষেত্রে বিশেষ সংস্থা নিয়োগ করা হবে। নির্মাণের প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করবেন। ওই সংস্থার ছাড়পত্র বা ক্লিয়ারেন্স মিললে তবেই পরবর্তী ধাপের কাজ এগোতে পারবে। ছাড়পত্র না পেলে কিছু করা যাবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।

4
বামপন্থী ছাত্র সংগঠনের শপথ মিছিল

পূর্ব বর্ধমান জেলা বামপন্থী ছাত্র সংগঠন সমূহ ও ছাত্র সমাজের পক্ষ থেকে এক শপথ মিছিল সংগঠিত হলো ৩ আগস্ট। সম্প্রতি গোটা দেশজুড়ে সংগঠিত হওয়া ছাত্রদের আন্দোলন দিল্লীর যন্তর মন্তর থেকে শুরু করে কোলকাতা, বিহার, মুম্বাই সহ নানা শহরে ছড়িয়ে পড়ে। যে আন্দোলন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিনিয়ে আনল, এদিনের মিছিল থেকে ছাত্র যুব আন্দোলনের সেই জয়কে অভিনন্দন জানানো হয়। সমগ্র ঐক্যবদ্ধ ছাত্র সংহতির প্রতি সম্মান জানানো হয়। এই শপথ মিছিলের আরও দাবি ছিল—
• NTA বাতিল করতে হবে।
• দেশব্যাপী আন্দোলনকারীদের উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
• শিক্ষায় সামগ্রিক বেসরকারিকরণের নীল নকশা NEP ২০২০ বাতিল করতে হবে।
মিছিলটি শহরের পার্কাস রোড থেকে শুরু হয়ে কার্জন গেট অবধি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কার্জন গেট চত্বরে ছাত্ররা এই দাবিগুলির সমর্থনে সভা করেন।