1
ধৃত হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না পরিবারের সদস্যরা
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হামিম মন্ডলের বাড়ি মন্তেশ্বরের দীঘনগর এলাকায়। অভিযুক্ত হামিমের মা-বাবা বাড়িতে না থাকলেও তার আত্মীয়রা থাকে গ্রামের বাড়িতে। হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। এ কথা প্রকাশ্যে জানিয়েছেনও তারা। উল্লেখ্য,পাক জইশের যোগে বর্ধমানে এক জঙ্গি গ্ৰেফতার হয়েছে। সে বর্ধমানের রেনেসাঁ উপনগরীর রোহিনী নামে ফ্ল্যাটে সপরিবারকে থাকতো। রেনেসাঁর জিম সেন্টার থেকেই গ্ৰেপ্তার করা হয় তাকে। তার মোবাইলে শুভেন্দু অধিকারীর কর্মসূচীর তথ্য রয়েছে এমনই অভিযোগ উঠেছে। হামিম মন্ডলের বাবা মনিরুদ্দিন মন্ডল দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন এখানে। ভোটের ফল প্রকাশে পর থেকে রেনেসাঁয় থাকছিল ওই পরিবারটি, সূত্র মারফত এমনই জানা গেছে।
মনিরুদ্দিন তার বাড়ি মন্তশ্বরের কুসুমগ্রামে বলে জানিয়েছিলেন।
এসটিএফের সহায়তায় বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হামিমকে গ্রেফতার করে। হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না গ্রামে তার পরিবারের সদস্যরা। ঘটনার কথা শুনে তারা সকলেই আশ্চর্য হয়ে যাচ্ছেন।
2
দেখা নেই বিধায়কের, তিনি শিবির বদলেছেন, তাই ভোট ফেরত দেবার আবেদন দুই তৃণমূল কংগ্রেস সমর্থকের
ভোট ফেরতের আবেদনে শোরগোল পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর কেন্দ্রে।
বিধায়ক নিশীথ মালিক শিবির বদলানোয় তাঁকে দেওয়া ভোট ফেরত চাইছেন দুই ভোটার ! তাঁদের পোস্ট করা আবেদনপত্র সমাজমাধ্যমে শোরগোল ফেলেছে। ভোট ফেরত চাওয়া বর্ধমান উত্তর বিধানসভা এলাকার বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য ও তার স্ত্রী রুপালি আবেদনপত্রে লিখেছেন, তারা গত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিককে। নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলেও জিতেছেন নিশীথ। তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তিনি যোগ দেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সেই কারণেই নিশীথকে দেওয়া ভোট ফেরত চান ওই দম্পতি। সংবিধান বা জনপ্রতিনিধিত্ব আইনে ভোট ফেরতের সংস্থান নেই। তা সত্ত্বেও ওই দম্পতির সমাজমাধ্যমে এই পোস্ট করায় রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, আদতে ঋতব্রত-শিবিরের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কর্মীদের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এ ভাবেই।
নাগরিকদের একাংশের বক্তব্য, জনপ্রতিনিধিদের শিবির বা দল বদলানোর বিরুদ্ধে এই প্রতিবাদ ভবিষ্যতে দলত্যাগ-বিরোধী আইনকে কঠোর করার দাবিকে শক্তিশালী করবে।
এটা আদৌ এখন সম্ভব না হলেও এই প্রশ্নটাই এখন বিধায়কের গলার কাঁটা।
3
মেমারিতে চোলাই মদের আসর বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা
অবৈধ চোলাই মদ বিক্রি ও প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবিতে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুইবাজার অঞ্চলের ভাঁড়পোতা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ বিক্রি এবং প্রকাশ্যে মদ্যপানের আসর চলছে। এর জেরে এলাকায় প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় অশান্তি, গালিগালাজ এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাসিন্দাদের দাবি, মদ্যপদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
দিনের বেলায় বিদ্যালয়ের সামনে মদ্যপদের আনাগোনায় ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, একই দাবিতে মেমারি থানার পালসিট ফাঁড়ি এবং মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহর কাছেও শীঘ্রই লিখিত অভিযোগ জমা দেবেন গ্রামবাসীরা।
4
হাওড়া-গামী আপ ট্রেন হঠাৎ থেমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার যাত্রীরা
শুক্রবার ট্রেনে করে বহু মানুষ তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু হাওড়ামুখী আপ ট্রেনটি রিষড়া রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পরই আচমকা মাঝপথে দাঁড়িয়ে পড়ে।
দীর্ঘক্ষণ ট্রেনটি একই জায়গায় দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়। অনেকেই বারবার ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন যে, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে না।
অবশেষে বাধ্য হয়ে বহু যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হেঁটে শ্রীরামপুর স্টেশনের দিকে রওনা দেন।
তবে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
5
বাবাকে খুনের দায়ে ছেলের ১০ বছর কারাদণ্ড
বাবাকে খুনের দায়ে ছেলের ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এর পাশাপাশি বোনকে আঘাতের দায়ে আরও ১ মাস কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড নির্দেশ দেন বিচারক। শুক্রবার পুরুলিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক আসামী সঞ্জয় মাঝিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন । জানা যায়, ২০২৩ এর ১৫ জুলাই আড়ষা থানার কলাবনি গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী সঞ্জয় মাঝি পারিবারিক ঝামেলায় জড়িয়ে তার ৫৬ বছর বয়সী বাবা পরাণ মাঝি ও বোন রমণী মাঝিকে শাবল দিয়ে মারধর করে। তাদের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় শিরকাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরাণ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। তার মেয়েকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওইদিনই পরাণ মাঝির বড় ছেলে গুরুপদ মাঝির অভিযোগের ভিত্তিতে বাবাকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় ছোট ছেলে সঞ্জয় মাঝিকে।
6
রাজ্যে সূচনা হলো জনগণনা কর্মসূচী
সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হল ১৬ তম জনগণনার কাজ। এই উপলক্ষ্যে কলকাতার বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দুটি ধাপে এই জনগণনার কাজ অনুষ্ঠিত হবে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেল্ফ ইনিউম্যারেশন অর্থাৎ স্বগণনায় নাগরিকরা নিজেরাই নির্দিষ্ট পোর্টালে এই সংক্রান্ত তথ্য জানাতে পারবেন। ১৫ তারিখের পর থেকে এক মাস ব্যাপী ঘরে ঘরে পৌঁছবেন জনগণনার দায়িত্বে থাকা কর্মীরা। তারা এ ব্যাপারে নির্দিষ্ট তথ্য তুলে আনবেন। তবে সবটাই হবে ডিজিটাল মাধ্যমে। শুভেন্দু অধিকারী বলেন, আমি এই রাজ্যের নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন এই কাজে অংশগ্রহণ করেন এবং জনগণনার দায়িত্বে থাকা কর্মীদের সবরকম সহযোগিতা করেন। শুধু এই রাজ্য নয়, সারা দেশব্যাপী এই জনগণনার কাজ শুরু হয়েছে।


