স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরে অভিযান আইএনটিইউসির

স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরে অভিযান আইএনটিইউসির

ইলেকট্রিক আইন অনুযায়ী স্মার্ট মিটার কখনোই বাধ্যতামূলক নয়। তাই অনিচ্ছুক গ্রাহকদের স্মার্ট মিটার বসানো চলবে না। আর অনিচ্ছুক গ্রাহকদের স্মার্ট মিটার লাগিয়ে থাকলে তা খুলে পুরনো মিটার লাগাতে হবে। এই দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযান করলো পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসি। ২৪ জুন দুপুরে বর্ধমান কার্জেন গেট থেকে এই সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল পৌঁছোয় বর্ধমান পাওয়ার হাউস গেটের সামনে। সেখানে উপস্থিত নেতৃত্বরা স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বক্তব্য রাখেন। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ধুর্যটি মাঝি বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের ঘরে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জেলা আইএনটিইউসির সভাপতি গৌরব সমাদ্দার বলেন, আজ আমরা বিদ্যুৎ দপ্তরে প্রতিবাদ মিছিল ও গণডেপুটেশন কর্মসূচী পালন করলাম। আগামী দিনে জোর করে স্মার্ট মিটার লাগালে আমরা আরও তীব্রতর আন্দোলনে সামিল হবো। তিনি বলেন, ইলেকট্রিক আইন অনুযায়ী স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। তাই জোর করে এই মিটার বসানো চলবে না বলে দাবি করেন তারা।