1
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্লাস্টার মিটিং
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় নবাবহাট ব্রাঞ্চে বর্ধমান ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হলো। এই মিটিংয়ে উপস্থিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, ব্যাংকিং পরিষেবা ব্যবস্থা এখন অনেকটাই বিস্তৃত হয়েছে। এখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন যোজনার কাজ ব্যাংকের মাধ্যমে হয়। এই কাজ করার জন্য ব্যাংকে আরও বেশি অফিসার থাকা প্রয়োজন। কিন্তু প্রয়োজনের তুলনায় সংখ্যাটা এখনও কমই রয়েছে। এরমধ্যে দিয়েও তারা গ্রাহকদের কাছে যথাযথ পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, ব্যাংকিং ব্যবস্থায় নানান পরিবর্তন আসছে। ব্যাংকের সংযুক্তিকরণ হচ্ছে। এ ব্যাপারেও গ্রাহকদের মনে নানা রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তরও তাদের দিতে হয়। প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব চলার একটা পদ্ধতি রয়েছে। বিভিন্ন ব্যাংক সংযুক্তিকরণের ফলে সেক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। ব্যাংকের সংযুক্তিকরণ – বিয়োজন এর কোনটাই সঠিকভাবে না হলে সমস্যা দেখা দেবে। তারা আরও বলেন, প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থার চেয়ে সরকারি ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই দৃঢ়। সরকারি ব্যাংকিং ব্যবস্থায় গ্রামীণ এলাকায় পৌঁছে সেখানকার মানুষদের যথাযথ পরিষেবা দেওয়া হয়। জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। যেটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হয় না। তাই এক্ষেত্রে গ্রাহকরা অনেক বেশি সুবিধা পান। এই বিষয়গুলি নিয়েই এদিনের ক্লাসটার মিটিংয়ে আলোচনা করা হয়।
2
বর্ধমান পৌর উৎসব শুরু ২০ ডিসেম্বর
প্রাণের গান, দেশের মান, বন্দেমাতরম — এই বার্তাকে সামনে রেখে আগামী ২০ ডিসেম্বর শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব ২০২৫। এই উৎসব চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বর্ধমান পৌর উৎসবের প্রাক্কালে বর্ধমান পৌরসভার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সভায় পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার বলেন, এ বছর ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম রচনার দেড়শো তম বর্ষ। এই উপলক্ষ্যে বর্ধমান পৌর উৎসবের থিম হলো প্রাণের গান, দেশের মান, বন্দেমাতরম। পৌরপ্রধান জানান, এবারে বর্ধমান উৎসবের উদ্বোধন করবেন সাংসদ অধ্যাপক সৌগত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রাভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঋষি বঙ্কিমচন্দ্রের বংশোদ্ভূত জয়দীপ চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকবৃন্দ। পরেশবাবু জানান, পৌর উৎসব প্রাঙ্গণে এবার ১৬৫ টি স্টল থাকছে। পৌর উৎসবের বাজেট ৬৫ লক্ষ টাকা। তিনি আরও জানান, এই পৌর উৎসব থেকে ইতিপূর্বে ৬০ লক্ষ টাকার মত অর্থ সঞ্চয় করা গেছে। সেই অর্থ পৌর উৎসব কমিটি, বর্ধমান পৌরসভাকে প্রদান করেছে। ওই অর্থে বর্ধমান পান্থশালার পাশেই আর একটি পান্থশালার মতোই ভবন নির্মাণ করা হবে। সেই কাজ দ্রুত শুরু হবে। জানা যায়, বর্ধমান পৌর উৎসবের প্রত্যেক দিনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। এদিনের সাংবাদিক সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। ছিলেন পৌরসভার আধিকারিকদের মধ্যে জয়রঞ্জন সেন, তাপস মাকড় প্রমুখ।
3
শুরু হলো ভারত সংস্কৃতি উৎসব
১৮ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ১৮ তম বর্ষ ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হলো। এই শোভাযাত্রায় বর্ধমানের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই উৎসবকে কেন্দ্র করে ১৭ ডিসেম্বর বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সভায় ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্ণধার প্রসেনজিৎ পোদ্দার বলেন, এবছর ভারত সংস্কৃতি উৎসব ১৮ তম বর্ষে পদার্পণ করলো। এরমধ্যে দিয়ে ৪৮ তম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবছর শুধু পূর্ব বর্ধমান থেকেই ৪৬৬২ জন প্রতিযোগী ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করছেন। ভারত সংস্কৃতি উৎসবে মোট প্রতিযোগীর সংখ্যা ৮ হাজার ৭৭৭ জন। বিশ্বের আটটি দেশ এবং ভারতের ১৮ টি রাজ্য এবং পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা এই ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করবেন। এদিনের সাংবাদিক সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তথা ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি পরেশ চন্দ্র সরকার, কার্যকরী সভাপতি অরূপ দাস, সমন্বয়ক শ্যামল দাস প্রমুখ। উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার আরও বলেন, এবছর ভারত সংস্কৃতি যাত্রা ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপে অনুষ্ঠিত হবে। ভারত সংস্কৃতি উৎসবে যারা সর্বপ্রথম হবে তারা বিনামূল্যে এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।


