1
বর্ধমান স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেলের আধিকারিকদের কাছে ডেপুটেশন
বর্ধমান স্টেশনে গত ১২ অক্টোবর পদপিষ্ট হয়ে সাতজন গুরুতর আহত হন। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে। ১৩ অক্টোবর বর্ধমান স্টেশনে আগত পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে আট দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বিশিষ্ট শ্রমিক নেতা ইফতিকার আহম্মেদ সহ বর্ধমান পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ। ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জী ও অন্যান্য সাংগঠনিক নেতৃত্ববৃন্দ। এদিন রেলের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, স্টেশন ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। ১২ অক্টোবর পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা ও তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এছাড়াও স্টেশনে যাত্রী পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য রেলের আধিকারিকদের কাছে তাদের দাবির কথা জানান উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। রেলের আধিকারিকরা বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
2
মাদ্রাসা শিক্ষকদের জেলা সম্মেলন বর্ধমানে
বর্ধমান বিজ্ঞান কেন্দ্র অডিটরিয়ামে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বর্ধমান জেলা শাখার ১৭ তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হন। সম্মেলন মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ভাইস চেয়ারপার্সন আইনুল হক, বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, সমাজসেবী আব্দুল রব, শিক্ষাব্রতী রথীন মল্লিক প্রমুখ। এই সভায় স্বপন দেবনাথ মাদ্রাসা শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, ভারতের তথা বাংলার সনাতন সংস্কৃতি হল সর্বধর্ম সমন্বয়। একে সুরক্ষিত রাখাটা আমাদের অত্যন্ত জরুরি। এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবাহিত করতে হবে।


