নিহত ও আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে পালিতপুরের কারখানায় মালিকপক্ষের সঙ্গে কথা | অম্রুত প্রকল্পের কাজ শেষ, রাস্তা সংস্কারের কাজ শুরু ২৯ নম্বর ওয়ার্ডে

1
নিহত ও আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে পালিতপুরের কারখানায় মালিকপক্ষের সঙ্গে কথা

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের অন্তর্গত পালিতপুরে একটি ইস্পাত কারখানায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন প্রায় এগারো-বারোজন কর্মরত শ্রমিক। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার পরদিন পালিতপুরে ওই ইস্পাত কারখানায় এসে মালিকপক্ষের সঙ্গে কথা বললেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, মর্মান্তিক এই ঘটনা খুবই দুঃখজনক। আমরা এই ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। এর পাশাপাশি যারা হাসপাতালে রয়েছেন সেই সব শ্রমিকদের চিকিৎসা যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারেও তাদের কাছে জানিয়েছি। সন্দীপ বলেন, এই শ্রমিকরা যে কদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকবেন সেই সময়ের জন্য যাতে তাদের বেতন দেওয়া হয় তারজন্য মালিকপক্ষকে বলেছি। সমস্ত বিষয়টি মানবিক দৃষ্টিতে যাতে দেখা হয় সে কথা উল্লেখ করা হয়েছে। সন্দীপ বলেন, আমরা চাই আহতরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। তারা যাতে কর্মস্থলে কাজে যোগ দিতে পারেন সে বিষয়টিও যেন সুনিশ্চিত হয় তা নিয়েও মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে।
এদিন পালিতপুরের কারখানায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা গুপ্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা সকলেই শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।

2
অম্রুত প্রকল্পের কাজ শেষ, রাস্তা সংস্কারের কাজ শুরু ২৯ নম্বর ওয়ার্ডে

শহরে বিভিন্ন ওয়ার্ডে অম্রুত প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে। শহরের গুরুত্বপূর্ণ ২৯ নম্বর ওয়ার্ডে এই কাজ শেষ হওয়ার পর বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, এই ওয়ার্ডে প্রতিটি গলিতে যেখানে অম্রুত প্রকল্পের কাজ হয়েছিল, সেই সমস্ত রাস্তা প্রথমে সংস্কার করায় গুরুত্ব দেওয়া হয়েছে। আগেই সিং দরজা সংলগ্ন এলাকায় রাস্তা সংস্কার করা হয়েছে। এখন মিঠাপুকুর রোড নতুন করে সংস্কার করা হচ্ছে। প্রায় ছ-সাতশো ফুট রাস্তার অংশ বিশেষ সংস্কারের কাজ চলছে। সুশান্ত জানান, এ ব্যাপারে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে। বেশ কয়েক বছর অম্রুত প্রকল্পের কাজ চলার কারণে রাস্তাগুলি খারাপ অবস্থায় পড়েছিল। বিভিন্ন সময়ে পাইপলাইন বসানো ও বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগ দিতে অনেকটাই সময় লেগেছে।
এ ব্যাপারে ওয়ার্ডের মানুষরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এখন ওয়ার্ডের বেশিরভাগ জায়গাতেই রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে। কিছু জায়গায় কাজ চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের স্বার্থে অত্যন্ত দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ এগিয়ে নিয়ে চলেছি।