1
ভারতের পহেলগাঁওয়ে নিহত শহীদদের স্মরণে রক্তদান শিবির
কাশ্মীরের পহেলগাঁওয়েে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে বর্ধমান শহর ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য বলেন, এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন। গরমের সময় বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয়। এই সংকট নিরসনে রক্তের যোগান খুবই প্রয়োজন। তাই শহীদদের স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জী, ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবু সিং প্রমুখ। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক খোকন দাস। তিনি ভবিষ্যতে আবারও এই ধরণের শিবির আয়োজনের কথা উল্লেখ করেন।। জয়দেব মুখার্জী রক্তদান শিবিরের প্রাসঙ্গিকতার বিষয়টি তুলে ধরেন। শিবু সিং বলেন, এই কাজে ওয়ার্ডে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সমবেত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। ভবিষ্যতে আবারও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষজন সকলেই।
2
খাদ্য সুরক্ষায় নজর দেওয়ার আহ্বান কর্মাধ্যক্ষর
বর্ধমান শহরে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা হলো স্বেচ্ছাসেবী সংস্থা প্যায়ারা নিউট্রিশন ওয়ারফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এই সংস্থার উদ্যোগে বিভিন্ন খাবারে ভেজাল সনাক্তকরণের প্রক্রিয়া হাতেকলমে দেখানোর ব্যবস্থা করা হয়। যার মূল লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এই কর্মসূচীতে অংশ নেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি বলেন, এখানে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন খাবারে ভেজাল সনাক্তকরণের বিষয়ে হাতে-কলমে দেখানোর ব্যবস্থা করেছে। যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ নিত্যদিনের খাবারে ভেজাল সম্পর্কে সচেতন হতে পারছেন। বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে খাবারে ভেজাল মেশানোর বিষয়টি এখানে প্রত্যক্ষ করা সম্ভব হচ্ছে। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিশ্বনাথ রায়।
এ প্রসঙ্গে আয়োজক সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে আমরা হাতে-কলমে সাধারণ মানুষকে খাদ্যে ভেজাল বিষয়ে সচেতন করতে চেয়েছি। এ ব্যাপারে সাধারণ মানুষ যত বেশি সচেতন হবেন, খাদ্যে ভেজাল মেশানোর বিষয়টি ততটাই প্রতিরোধ করা সম্ভব হবে। যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিতে দ্বিধাবোধ করেন না, তাদের কাছে মানবিক হওয়ার আহ্বান জানানো হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় মানুষজন প্রত্যেকেই।


