নবগ্রাম শিবশঙ্কর সেবাশ্রমের উদ্যোগে রক্তদান শিবির || রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন

1
নবগ্রাম শিবশঙ্কর সেবাশ্রমের উদ্যোগে রক্তদান শিবির

রক্তদান মানে জীবন দান। এটি একটি মহান ব্রত। আর সেই ব্রতকেই সামনে রেখে মুমূর্ষু মানুষের জীবন দান করতে এগিয়ে এলো নবগ্রাম শিবশঙ্কর সেবাশ্রম। তাদের পক্ষ থেকে নবগ্রাম ময়না পুলিনবিহারী বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দান করতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, আঝাপুর পঞ্চায়েত উপ প্রধান অশোক ঘোষ সহ অন্যান্যরা। অলোক কুমার মাঝি ও মেহেমুদ খান উভয়েই এই রক্তদান উৎসবে যারা রক্তদান করলেন ও যারা উদ্যোক্তা সবাইকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কারণ এই রক্ত যেমন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূর করবে, ঠিক তেমনই বহু মুমূর্ষু মানুষের জীবন বাঁচাবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আশীষ ঘোষ জানান, এই রক্তদান উৎসবে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ২০০ জন রক্ত দাতা রক্ত দেন। সংগৃহীত রক্ত ক্যামরি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে আবারও এই ধরনের রক্তদান শিবিরের তারা আয়োজন করবেন।

2
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন

রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের পূর্ব বর্ধমানের জমালপুর ব্লকে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সকল শাখা সংগঠনের সভাপতি,ফেডারেশনের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি আশীষ ঘোষ, জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা সভাপতি শেখ মোজাফ্ফর, পি ডাবলু ডি-র জেলা সভাপতি সুব্রত সাঁই, জেলা সম্পাদক সুমন পাল, জেলা কমিটির সদস্য অনিমেষ গোস্বামী, ফেডারেশনের জামালপুর ব্লক সভাপতি কৃষ্ণেন্দু গোস্বামী, সম্পাদক সুপ্রকাশ পাল সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ও সংগঠনের সদস্য কর্মচারীরা। সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উপস্থিত অতিথিরা। উপস্থিত সকল অতিথিদের উত্তরীয়, ব্যাচ, মোমেন্ট ও ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হয়।আজকের এই সম্মেলনে সংগঠনের প্রাক্তন সদস্য যাঁরা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন বা একটা সময় ব্লকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাঁদের সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খান বলেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সকলে একটি পরিবারের মতো। ব্লকে এই ধরনের একটি সম্মেলন করার জন্য তিনি সংগঠনের সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এখনও যাঁরা ফেডারেশনের পতাকার তলায় আসেনি তাদের সকলকে সংগঠনের আওতায় আনতে হবে। সকলে একজোট হয়ে আগামী ২৬ এর নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে বসাতে হবে। বিধায়ক অলোক কুমার মাঝি রাজ্যের তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি কামনা করেন। সকলকে এক হয়ে থাকার পরামর্শ দেন।