তৃণমূলের জেলা কার্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালন II তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন II বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জামালপুরে রবীন্দ্রজয়ন্তী পালন

1.
তৃণমূলের জেলা কার্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালন

রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উজ্জ্বল প্রামাণিক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আজও আমাদের প্রাণিত করে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি তার লেখনি শক্তি দিয়ে সেই সময় এই স্বাধীনতা আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করেছিলেন। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে খুঁজে পাই কবিগুরুর সৃষ্টির মধ্যে। এমন একটি মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন এটা আমাদের সৌভাগ্য। তাঁর নোবেল প্রাপ্তি আজও আমাদের গর্বিত করে।

2
তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ শে বৈশাখ সকালে প্রদীপ প্রজ্জ্বননের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের সহকারি সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, দুই কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও শান্তনু কোনার প্রমুখ।
এই অনুষ্ঠানে খোকন দাস বলেন, রবীন্দ্রনাথের লেখা গানের মাধ্যমেই আমাদের এখানে হাজার হাজার শিল্পী তাদের সঙ্গীত জীবনে প্রবেশ করেন। তার সেই সৃষ্টি আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা তার এই জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে তাঁর সেই মহান সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

3
বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জামালপুরে রবীন্দ্রজয়ন্তী পালন

২৫ শে বৈশাখ জামালপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পালন করা হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে এখানে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। জামালপুর গোলাবাড়ি রামকৃষ্ণ স্কুল থেকে শুরু হয় এই পদযাত্রা। পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার মন্ডল সহ রামকৃষ্ণ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পদযাত্রায় মাঝে মাঝে বিভিন্ন গান, নাচ ও আবৃত্তির অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। জামালপুর বাইপাসের কাছে রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক সহ অন্যান্যরা। পদযাত্রাটি পুলমাথায় এসে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে ব্লক অফিসে শেষ হয়। এর পাশাপাশি সেখানে বিবেকানন্দ ও এপিজে আব্দুল কালামের মূর্তিতে মাল্যদান করা হয়। ছোট্ট একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পদযাত্রা চলাকালীন রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত হন।