1
জামালপুরে দুটি অঞ্চলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প। স্থানীয় চকদিঘী ও জারগ্রাম অঞ্চলের হরিগোবিন্দপুর প্রাইমারি স্কুল ও মাধবপুর প্রাইমারি স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পগুলি পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই প্রধান অসীমা বাগ ও নূরজাহান বিবি, দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও শেখ আলাউদ্দিন সহ অন্যান্যরা। ক্যাম্পে গিয়ে তারা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মেহেমুদ খান বলেন, গ্রামের সাধারণ মানুষ তাদের নিজের বুথের বা নিজের পাড়ার কী কী উন্নয়ন হবে তার তথ্য নিজেরাই আধিকারিকদের কাছে জমা দিচ্ছেন এবং সেই মতোই কাজ হবে এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই অনন্য। রাজ্যের প্রতিটি গ্রামের মানুষের কাছে এটা একটা বিরাট প্রাপ্তি। তাদের নিজের পাড়ার উন্নয়নের কাজ করতে না পঞ্চায়েত না ব্লক কোথাও যেতে হবে না তাদের। সেইজন্য এই সরকার মা মাটি মানুষের সরকার। সাধারণ মানুষের জন্য কাজ করাটাই হলো এই সরকারের লক্ষ্য। (পজ্)
2
সচেতনতা মূলক আলোচনা সভা
স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সের অবস্থিত রাজ্য সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের কনফারেন্স রুমে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিস্ট ও নোডাল অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড ডেভেলপমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড বায়োটেকনোলজি পেটেন্ট এন্ড ট্রেডমার্ক ডক্টর মহুয়া হোম চৌধুরী। কলকাতার একগুচ্ছ স্বপ্ন – এর সহযোগিতায় আয়োজিত এই সচেতনতামূলক সভায় এই সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন ডক্টর মহুয়া হোম চৌধুরী। জানা গেছে, এ বিষয়ে গ্রামীণ এলাকার পুরুষ ও মহিলাদের সচেতন করার জন্য এই সভার আয়োজন করা হয়।


