আবাস যোজনায় কাটমানি অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা
আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের সদস্য অজয় চন্দ্র। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
পূর্ব বর্ধমানের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য অজয় চন্দ্র ওরফে সল্টুকে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। গতকাল গ্রেপ্তারের পর শুক্রবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় চন্দ্র দাবি করেন, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যে অভিযোগ করা হয়েছে তা ২০১৯ সালের। অথচ সেইসময় আমি পঞ্চায়েতে সদস্যই ছিলাম না। আমার বিরুদ্ধে ২০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, রাম দে নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অজয়ের দাবি, রাম দে একজন সাধারণ আইসক্রিম বিক্রেতা। তিনি হয়তো অন্য কারও প্ররোচনায় এই অভিযোগ করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি নেতা তাপস বিশ্বাস এ প্রসঙ্গে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন, এই গ্রেপ্তার অনেক আগেই হওয়া উচিত ছিল। চোর কি কোনওদিন নিজের অপরাধ স্বীকার করে? ও শুধু একা চোর নয়, গোটা তৃণমূলের পরিষদটাই চোরে ভরা। কাকে ছেড়ে কাকে বাদ দেওয়া হবে।


