অবশেষে অনশন তুলে নিলেন দেবু টুডু
প্রায় সপ্তাহকালব্যাপী অনশন আন্দোলনে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য নেতৃত্ব তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। ২ ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে এদিন অনশন মঞ্চ থেকে তার সপ্তাহ কালব্যাপী অনশন কর্মসূচী প্রত্যাহার করলেন দেবু টুডু। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম প্রমুখ। এদিন এখানে বীরবাহা হাঁসদা বলেন, এসআইআর-এর নাম করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এই সবকিছুই হচ্ছে বিজেপির অঙ্গুলীহেলনে। আর এই অন্যায়ের প্রতিবাদেই দেবু টুডু এখানে অনশন আন্দোলন করেছেন। আদিবাসী মানুষদের স্বার্থেই তার এই লড়াই। যদিও এদিন বীরবাহা হাঁসদার অনুরোধে অনশন তুলে নেন দেবু টুডু। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। এক্ষেত্রে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।


