১৯ তম ভারত সংস্কৃতি উৎসব বর্ধমানে শুরু ১৮ ডিসেম্বর

১৯ তম ভারত সংস্কৃতি উৎসব বর্ধমানে শুরু ১৮ ডিসেম্বর

১৯ তম ভারত সংস্কৃতি উৎসব শহর বর্ধমানে টাউন হল ময়দান ও অডিটোরিয়াম, রেলওয়ে রঙ্গমঞ্চ এবং মিউনিসিপ্যাল স্কুলের রাজেন্দ্র ভবনে একসঙ্গে অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্ণধার প্রসেনজিৎ পোদ্দার বলেন, বর্ধমান ও কলকাতা মিলিয়ে প্রতি বছরের মতো এ বছরও ভারত সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। বর্ধমানে ছয় দিনব্যাপী এই উৎসব শেষ হওয়ার পর কলকাতায় উৎসব শুরু হবে ২৬ শে ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বড়িশা হাইস্কুল ময়দান, বেহালা শরৎ সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসেনজিৎ বলেন, এই উৎসবের মূল লক্ষ্য হলো, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা। ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি আরও জানান, এবারের ভারত সংস্কৃতি উৎসবে মোট ৭ টি দেশের শিল্পীরা অংশ নেবেন। এই দেশগুলি হলো আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা। দেশের ১৬ টি রাজ্যের শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই প্রতিযোগী এবং শিল্পীরা ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করবেন। এদিনের এই সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবেশ ঠাকুর, বিশিষ্ট লেখক নিখিল চক্রবর্তী, সমাজসেবী শ্যামল দাস, নৃত্যশিল্পী অমৃতা দাস প্রমুখ। তারা প্রত্যেকেই এবার ভারত সংস্কৃতি উৎসবের গুরুত্বের কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।