1
১৭ নম্বর ওয়ার্ডে “ল়ক্ষ্মী এলো ঘরে” তথ্যচিত্র প্রদর্শন
রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে সাধারণ মানুষরা কিভাবে উপকৃত হচ্ছেন সেই বিষয়টিকে সামনে রেখে লক্ষ্মী এলো ঘরে শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে। এবার এই তথ্যচিত্র প্রদর্শিত হল ১৭ নম্বর ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়টিকে তুলে ধরা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা পেয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কিভাবে উপকৃত হচ্ছেন, সেই দিকটিতেও আলোকপাত করা হয়েছে বলে উল্লেখ করলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। এই তথ্যচিত্র প্রদর্শন নিয়ে রাজ্য পর্যায় থেকে এখানে তিনটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই তিনটি কমিটির একটি কমিটির সদস্য হলেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক এবং বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। সুশান্ত প্রামাণিক বলেন, ২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য কার্যকর করেছেন। এর মধ্যে ৯৪ টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই রাজ্যের মানুষরা। এত সরকারি প্রকল্প ভারতের অন্য কোনো রাজ্যে নেই। তিনি বলেন, মানুষের কল্যাণে শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। এই সমস্ত প্রকল্পকে সামনে রেখেই এই তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
2
ফ্রি কার্ডিওলজি কনসালটেশন ক্যাম্প
২২ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ এবং পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হলো ফ্রি কার্ডিওলজি কনসালটেশন ক্যাম্প ও মাস বিএলএস প্রশিক্ষণ কর্মসূচী। হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক জীবনরক্ষাকারী দক্ষতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায়, এভারেস্ট জয়ী পর্বতারোহী সৌমেন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ তথা পরবর্তী বর্ধমান ওয়েভের সভাপতি সুবীর কুমার দে সহ অন্যান্যরা।
হাসপাতালের গ্রুপ হেড ও এভিপি (মার্কেটিং) ইন্দ্রজিৎ ব্যানার্জী বলেন, “কর্পোরেট স্বাস্থ্য পরিষেবার সীমা শহরকেন্দ্রিক হওয়া উচিত নয়। জেলা ও মফস্বলে বিশেষজ্ঞ পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্বের অংশ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক জীবনরক্ষাকারী প্রশিক্ষণ—এই দুই দিকেই আমরা সমান জোর দিচ্ছি।” পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সপ্তর্ষী ঘোষ বলেন,
“অনেক সময় হৃদরোগের উপসর্গকে মানুষ অবহেলা করেন। সচেতনতার অভাবেই ঝুঁকি বাড়ে। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা চাই মানুষ উপসর্গ চিহ্নিত করতে শিখুন এবং জরুরি অবস্থায় কীভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হয়, তা জানাও প্রয়োজন সকলের।
3
বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে ভাষা দিবস পালন
বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত মহান ভাষা শহীদ দিবসের অনুষ্ঠান মর্যাদার সঙ্গে পালিত হলো সংস্থার নিজস্ব ভবনে। শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী ভাষা দিবসের তাৎপর্য নিয়ে মনোরম বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন পৌরবালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী। আলোচনাতে অংশগ্রহণ করেন কবি, নাট্যকার দেবেশ ঠাকুর, সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়,সঞ্জীব চক্রবর্তী, মুশাররফ আজম, শিক্ষক মানব সরকার। সভাপতি ছিলেন নিতাই মুখার্জী। সঞ্চালনায় ছিলেন সুজিত চক্রবর্তী, দেবনাথ মুখার্জী। সংগীতে ও কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পীরা ও কবি সাহিত্যিকরা।


