সাইনবোর্ড টাঙিয়েই খালাস! এক বছর কেটে গেলেও তৈরী হলো না রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ

সাইনবোর্ড টাঙিয়েই খালাস! এক বছর কেটে গেলেও তৈরী হলো না রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ

বোর্ডে প্রকল্পের নাম উজ্জ্বল অক্ষরে লেখা—’পথশ্রী-৩’। তাতে লেখা রয়েছে, ১১ লক্ষ ১৭৮২৬ টাকা ব্যয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা মোড় থেকে বিবেকানন্দ ক্লাব পর্যন্ত রাস্তার বিটুমিনাস অংশ মেরামত হবে, সঙ্গে তৈরী হবে ইন্টারলকিং কংক্রিট ব্লকের রাস্তা। তবে সাইনবোর্ড টাঙানোই সার, গত এক বছর ধরে বাস্তবে এক কুপো মাটিও ওঠেনি!
ঠিকাদার ও প্রশাসনের এমন উদাসীনতার প্রতিবাদে এবং অনতিবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে রবিবার কেতিকা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খানাখন্দে ভরা রাস্তায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন পথচারী থেকে শুরু করে বাইক চালকেরা।
“যদি বরাদ্দ অনুমোদন হয়ে সাইনবোর্ডই উঠে যায়, তবে এক বছর ধরে কাজ থমকে কেন ? সরকারি টাকা কোথায় গেল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।
পুলিশের আধিকারিকেরা ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি দ্রুত পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে এনে সমাধান করার প্রতিশ্রুতি দেন। পুলিশের এই ইতিবাচক আশ্বাস পাওয়ার পরই দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।