সবুজায়নের বার্তা দেওয়ায় পুজো কমিটিকে অনুপ্রেরণা গাছ গ্রুপের
প্রকৃতিকে আরও সবুজে ভরিয়ে তোলাটাই হলো লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে এবার বিভিন্ন পুজোমন্ডপে আগত দর্শনার্থীদের কাছে নানাভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছে বেশকিছু পুজো কমিটি। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে বর্ধমান শহরের উদয়পল্লীর বেলপুকুর কিশোর সংঘ। এই পুজো কমিটির পক্ষ থেকে সাত হাজার গাছ দিয়ে তাদের মন্ডপটিকে সুসজ্জিত করে তোলা হয়। প্রতিমা থেকে মন্ডপ সর্বত্রই ছিল গাছের সমারোহ। মূল লক্ষ্য ছিল মণ্ডপে আগত দর্শনার্থীদের কাছে সবুজায়ন বিষয়ে একটা বার্তা দেওয়া। আর বেলপুকুর কিশোর সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাতে তাদের সম্বর্ধিত করে পরিবেশপ্রেমী সংস্থা গাছ গ্রুপ। এই সংস্থার সদস্যদের পক্ষ থেকে পুজোর উদ্যোক্তাদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। দেওয়া হয় দুটি গাছও। এ প্রসঙ্গে গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী বলেন, আমরা খুব আনন্দিত যে দুর্গোৎসবের সময়ও এইভাবে পুজো কমিটিগুলির কাছ থেকে সবুজায়নের বার্তা পেয়েছি। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাই আমরা উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে তাদের সম্বর্ধিতও করেছি। আমরা চাই, আগামী দিনে এইভাবেই অন্যান্য পুজো কমিটিগুলিও এগিয়ে আসুক। সবুজায়নের বার্তাকে পৌঁছে দিক সমাজের সর্বস্তরে। এই সম্বর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন গাছ মাস্টার অরুপ চৌধুরী। ছিলেন আবজেল মন্ডল, অরূপ সাহা, শেখ মহম্মদ সেলিম, সৌগত রায়, তরুণ কান্তি রায়, দেবব্রত কোনার, সফিকুল ইসলাম প্রমুখ। এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে তারা প্রত্যেকেই আনন্দিত।


