কলকাতার মতোই পূর্ব বর্ধমানের ব্লক জুড়ে কার্নিভাল


কলকাতার মতোই পূর্ব বর্ধমানের ব্লক জুড়ে কার্নিভাল

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতার রেড রোডে যেমন পুজো কার্নিভাল হয় সেই ধাঁচে জেলা এবং ব্লক গুলোতেও পুজো কার্নিভাল করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে মান্যতা দিয়ে কলকাতার রেড রোডের সঙ্গে জেলা ও ব্লক জুড়ে অনুষ্ঠিত হলো দুর্গাপূজা কার্নিভাল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার সঙ্গে জামালপুর ব্লকেও পুজো কার্নিভাল করা হয়, জামালপুর ব্লক সন্নিহীত জামালপুর ১ পঞ্চায়েত ভবনের সামনে। মূলত জামালপুর পঞ্চায়েত সমিতি ও জামালপুর ১ পঞ্চায়েতের উদ্যোগে এই কার্নিভাল করা হয়। সকাল থেকেই প্রবল বর্ষণ চলছিল। চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কর্মকর্তাদের মাথায়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই মানুষ এই কার্নিভাল দেখতে ভিড় জমান। এই নিয়ে জামালপুরের কার্নিভাল তৃতীয় বছরে পড়লো। ৬ টি পুজো কমিটি অংশ নেয় এই কার্নিভালে। জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব, হালারা সার্বজনীন, কালারাঘাট বাজার ব্যবসায়ী সমিতি সার্বজনীন, জামালপুর কালিতলা উত্তরপাড়া বারোয়ারী,জামালপুর গঞ্জবারোয়ারী, সেলিমাবাদ বারোয়ারী। গ্রামবাংলার বুকে এই কার্নিভাল মানুষের মধ্যে এক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এই কার্নিভালে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান‌, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথী দে, পুলিশের সিআই বিশ্বজিৎ মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাহুল বিশ্বাস, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে সহ জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও সদস্যরা। প্রতিটি পুজো কমিটি র‍্যালির মাধ্যমে বিভিন্ন সাজে।সুসজ্জিত হয়ে মঞ্চের সামনে এসে তাদের নির্দিষ্ট অনুষ্ঠানটি প্রদর্শন করে। প্রতিটি পুজো কমিটির তাদের নিজস্ব ভাবনায় ছিল অনন্য। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার সঙ্গে ব্লকেও কার্নিভাল করার কথা। আমরা তার সেই কথাকে মান্যতা দিয়েছি। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। তিনি এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সনাতন সংস্কৃতি সর্ব ধর্মের কথা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছেন।