ভেজাল ঘি তৈরীর বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের, ধৃত ৩ II আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা II স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জাতীয় শিশুকন্যা দিবস পালন

1
ভেজাল ঘি তৈরীর বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের, ধৃত ৩

জেলার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নিলো নদীয়ার জেলা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো ২,৫০০ কেজি ভেজাল ঘি। তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ঘি তৈরীর সরঞ্জাম। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ার ঘটনা। বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছিল পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, গতকাল রাতে একটি বিশেষ টিম গঠিত করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয়। এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল দেখে চক্ষু চরকগাছ হয়ে যায় পুলিশের। সঙ্গে সঙ্গেই কড়া ব্যবস্থা নিতে দেখা যায় পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে ২,৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ৫০০ কেজি ঘি তৈরীর সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা যায়, ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে। রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে। আর সেখানেই মানুষকে সচেতন থাকতে বলেন নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তার কথায়, যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছে না ব্যবসায়ীরা। তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হয় তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়।

2
আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বর্ধমানের বোরহাট আনন্দমার্গ স্কুলের অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হলো লাকুড্ডি জলকল মাঠে। প্রায় আড়াইশো ছাত্রছাত্রীদের নিয়ে নানান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দুদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৬ জানুয়ারি তিনটে থেকে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে এই অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়।
আনন্দমার্গের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য সুবিকাশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সকল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। ছিলেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী ও শিক্ষক-শিক্ষিকা সহ একাধিক এলাকার মানুষ। এক সুন্দর আনন্দঘন মুহূর্তের সাক্ষী রইলেন সমস্ত এলাকাবাসী। টিচার ইনচার্জ সুকুমার নন্দী জানান, এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

3
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জাতীয় শিশুকন্যা দিবস পালন

সারা দেশজুড়ে ২৪ শে জানুয়ারি দিনটি জাতীয় শিশুকন্যা দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষ্যে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে ১২- ২০ বছর বয়সী স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় স্বয়ংসিদ্ধা ক্যাম্প। ২০২৫ – এর থিম ” এম্প্যাওয়ারিং গার্লস ফর ব্রাইট টুমরো”। এই কথা মাথায় রেখে বর্ধমানের বিভিন্ন স্কুলের ৭০ জন শিক্ষার্থীকে একত্রে এনে নাবালিকাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করা, বিচার শক্তির উন্মেষ, শিক্ষার বিস্তার, স্কুল ছুটের সংখ্যা কমানো, নাবালিকা বিবাহ রোধ, নারী পাচার রোধ ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন বর্ধমান মহিলা থানার আই সি কবিতা দাস।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এস পি দেবাশিস চক্রবর্তী।
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, নারীর অগ্রগতি ছাড়া এবং নারী সুরক্ষা ছাড়া কোনো সমাজ সুস্থভাবে এগোতে পারে না। তাই নারী সুরক্ষার জন্য আজকের এই প্রয়াস।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নার্গিস লায়েক, জয়ী সাহা, মনিষা মন্ডল, প্রীতম ঘোষ, পূর্বাশা রায় প্রমুখরা। তারাও এই দিনটির তাৎপর্য সকলের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।