ভাতারে পরিবর্তন যাত্রার সভা, তৃণমূলকে কটাক্ষ শমিকের | রামনারায়ণ শশীভূষণ বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি | জেলায় ডেঙ্গু প্রতিরোধে আগামী সপ্তাহে জেলা পর্যায়ে ট্রেনিং


1
ভাতারে পরিবর্তন যাত্রার সভা, তৃণমূলকে কটাক্ষ শমিকের

জেলার ভাতার বিধানসভায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে আয়োজিত সভা থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
১০ মার্চ আয়োজিত সভামঞ্চ থেকে তিনি বলেন, “আপনারা যদি মনে করেন আপনার ছেলে বিএসসি পাশ করে প্রতিদিন ৫০ টাকায় খুশি থাকবে, তাহলে ওই দিকেই যান। আর যদি বড় শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বাড়াতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন”। তার অভিযোগ, রাজ্যে শিল্পের অভাবেই যুবসমাজ কর্মসংস্থানের সংকটে ভুগছে।
এদিন তিনি সাংস্কৃতিক ইস্যুতেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানোর ঘটনাকে তুলে ধরেন। শমিক বলেন, পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে এবং মানুষ পরিবর্তন চাইছেন।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শমিক ভট্টাচার্য বলেন, দীর্ঘ পথ অতিক্রম করতে করতে তিনি ক্লান্ত, তাই তাঁর বিশ্রামের প্রয়োজন। “আমরা তাঁকে ছুটি দিয়ে দেব, আর সেই ছুটি দেওয়ার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে”।

2
রামনারায়ণ শশীভূষণ বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি

রাজ্যে শিক্ষার প্রসার সাধনে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। আর সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যের প্রতিটি শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় সহযোগিতা করে চলেছে রাজ্য সরকার। একথা বললেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে অবস্থিত রামনারায়ণ শশীভূষণ বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথা বলেন তিনি। উজ্জ্বল বলেন, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি তখন সরকারি সহযোগিতা যৎসামান্যই ছিল। ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে অনেক বেশি করে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এখন একজন স্কুল ছাত্র কিংবা ছাত্রী স্কুলে আসা যাওয়ার জন্য সরকারের কাছ থেকে সাইকেল পাচ্ছে। এত ছোট বয়সে তার নিজস্ব একটি সাইকেল হচ্ছে। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী-রূপশ্রীর মতো প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। এর মাধ্যমে অর্থ পাচ্ছে ছাত্রীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান করা হচ্ছে ছাত্রছাত্রীদের। এরফলে তারা শিক্ষা গ্রহণে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। বিভিন্ন জায়গায় এখন স্মার্ট ক্লাসরুম তৈরী করা হচ্ছে। এই বিষয়গুলি একটা সময় কল্পনাই করা যেত না। আজকে তাই শিক্ষার হার সারা রাজ্যজুড়ে বেড়েছে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এটা অত্যন্ত আশার দিক আমাদের সকলের কাছে। এই সাফল্যের ধারাকে ধরে রাখতে হবে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীক সাধু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ছিলেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও।

3
জেলায় ডেঙ্গু প্রতিরোধে আগামী সপ্তাহে জেলা পর্যায়ে ট্রেনিং

এই জেলায় এ বছরে যাতে কোনোভাবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা না দেয়, তারজন্য এখন থেকেই জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত প্রতিটি ব্লকের প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে একটি ট্রেনিং আগামী সপ্তাহে শুরু হবে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি বলেন, এ বছর প্রথম দুটি মাস এবং মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়েছে। এখনও পর্যন্ত সেই অর্থে ডেঙ্গু আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। এই স্বাভাবিক পরিস্থিতিটা ধরে রাখার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। তাই আগামী সপ্তাহে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। এই প্রশিক্ষণ পর্বে অংশ নেবেন বিভিন্ন ব্লকের বিডিও কিংবা জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সুপারভাইজাররা। বিশ্বনাথ রায় জানান, এর পাশাপাশি প্রতিটি ব্লকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা চলবে। জেলা থেকে এই সংক্রান্ত বিষয়ে কি কি করণীয় সে বিষয়ে তাদের অবহিত করা হবে।