ভাগীরথীর পাড় সৌন্দর্যায়নের উদ্যোগ রাজ্য সরকারের | পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির জামালপুর জোন সম্মেলন


1
ভাগীরথীর পাড় সৌন্দর্যায়নের উদ্যোগ রাজ্য সরকারের

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ভাগীরথী নদীর পাড়ের সৌন্দর্যায়নে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উপলক্ষ্যে কালনার বিভিন্ন ভাগীরথীর ঘাট এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন মহকুমা শাসক অহিংসা জৈন, কালনা পুরসভার চেয়ারম্যান রীণা বন্দ্যোপাধ্যায়, পুরসভার দুই কাউন্সিলর তপন পোড়েল ও সন্দীপ বসু। এই ঘাট পরিদর্শনকালে স্বপন দেবনাথ বলেন, কালনা হলো একটি প্রাচীন ঐতিহ্যমন্ডিত শহর। এখানে প্রচুর মন্দিরের স্থাপত্য রয়েছে, মসজিদও রয়েছে। এই দর্শনীয় স্থানগুলি পরিদর্শনে সারা বছরই পর্যটকরা আসেন। তাদের কাছে এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ভাগীরথীর ঘাট সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এই নদী-ঘাট পুণ্যার্থীদের ব্যবহারের সুবিধার্থে সবদিক বিবেচনা করে নির্মাণ করা হবে। এই নদী এলাকা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

2
পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির জামালপুর জোন সম্মেলন

১৮ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির জামালপুর জোন সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, বর্ধমান জেলা সভাপতি সুকান্ত পাঁজা, জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক, জোন সম্পাদক আনিসুর রহমান, জোন কমিটির উপদেষ্টা অরুণ নাড়ু প্রমুখ। এই সভায় বিশ্বজিৎ মল্লিক বলেন, রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুবিধার্থে ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বজিৎ মল্লিক বলেন, এদিনের সভায় ধানের সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে এবং পরিবহণ দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা হয়। সভায় জোন কমিটির উপদেষ্টা অরুণ নাড়ু বলেন, মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাস সত্ত্বেও পরিবহণ দপ্তর ধান্য ব্যবসায়ীদের উপরে অত্যাচার বন্ধ করেনি। যদি এই অত্যাচার ধারাবাহিকভাবে চলে তাহলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। সুকান্ত পাঁজা বলেন, পুলিশ বিভাগ আমাদের প্রতি সহানুভূতিশীল। তারা যথেষ্ট সহযোগিতা করেন। কিন্তু পরিবহণ দপ্তর নানাভাবে ধান্য ব্যবসায়ীদের হয়রানি করে চলেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।