বেরুগ্রামে রথযাত্রায় সম্প্রীতির বার্তা | মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্যমঠের রথযাত্রা


1
বেরুগ্রামে রথযাত্রায় সম্প্রীতির বার্তা

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের পুনসুর গ্রামে রথযাত্রা উপলক্ষ্যে বহু ভক্তের সমাগম ঘটে। স্থানীয় মানুষদের উদ্যোগে এখানে রথযাত্রায় রথের রশিতে টান দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ কয়েকশো মানুষ। এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রসাদ বিতরণ করা হয়। এ প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরীর পর রাজ্যের মানুষের কাছে জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই উদ্যোগ এই প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নেওয়া হয়েছে। আজ এখানে রথযাত্রা উপলক্ষ্যে এই গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ভক্তরা উপস্থিত হন। আমরা আশা রাখছি আগামী দিনে এই রথযাত্রা উৎসব এখানে আরও বৃহৎ আকার নেবে। অপার্থিব ইসলাম জানান, এদিন স্থানীয় এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই রথযাত্রা কর্মসূচীর সূচনা করা হয়। বিশ্বনাথ রায় বলেন, আমাদের এই বাংলার মানুষই প্রমাণ করেছেন যেকোনো উৎসব অনুষ্ঠানে তারা সবাই পারস্পরিক সহাবস্থান বজায় রেখে আনন্দে মেতে ওঠেন। সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই উৎসব এদিন এখানে আলাদা প্রাণের সঞ্চার করে।

2
মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্যমঠের রথযাত্রা

প্রতিবছরের মতো এ বছরও বর্ধমান শহরের মিঠাপুকুরে অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্যমঠের রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই রথযাত্রার সূচনা করেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই রথযাত্রা কর্মসূচী সাফল্যমন্ডিত হয়। মিঠাপুকুর থেকে রথ বেরিয়ে বিসি রোড ও জি টি রোড হয়ে স্টেশন এলাকার পাশ দিয়ে জেলখানা মোড়, পাওয়ার হাউসপাড়া হয়ে আবার মিঠাপুকুরে শেষ হয়। এদিনের এই রথযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।