বিস্ফোরণে কাঁপল নীলগঞ্জ, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর | বর্ধমানে আগুন, গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান |

1
নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বাজিতে বিস্ফোরণ, আতঙ্ক

উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি চত্বরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দু’দিন আগে নারায়ণপুর এলাকা থেকে উদ্ধার হওয়া বাজি ও বারুদ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা ছিল বলে অভিযোগ।

মঙ্গলবার ভোরে আচমকাই বিস্ফোরণ শুরু হলে গোডাউনের ভিতরে থাকা বাজিগুলি একের পর এক ফাটতে থাকে। স্থানীয়দের অভিযোগ, বাইরে রাখা বারুদভর্তি একটি টিনের ড্রাম থেকেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বারুদের উপস্থিতির কারণে আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়।

2
একাধিক বড় পদক্ষেপ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে এবং পুলিশকর্মীদের কর্মপরিবেশ উন্নত করতে একাধিক পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানী ভবনে ট্রাফিক পুলিশকর্মীদের হাতে ২০ হাজার রেইন প্রোটেকশন কিট তুলে দেওয়ার পাশাপাশি ৪টি নতুন টোল-ফ্রি হেল্পলাইন নম্বরের সূচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের অভিযোগ জানাতে ২৪ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইনগুলি। তবে ব্যক্তিগত প্রতিহিংসা বা মিথ্যা তথ্য দিয়ে অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ট্রাফিক পুলিশকর্মীদের জন্য রেইনকোট, গামবুট ও ছাতা সম্বলিত মনসুন প্রোটেকশন কিট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও কল্যাণে আরও একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

3
বর্ধমানে শতাব্দী বাগে এক চিকিৎসকের বাড়িতে আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয়দের

বর্ধমানের শতাব্দী বাগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাড়িতে চিলেকোঠায় হঠাৎ করেই আগুন লাগে। সেখানে থাকা কাঠের আলমারিতে আগুন ধরে যাওয়ায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। সেই সময় বাড়িতে ওই চিকিৎসক ও তার স্ত্রী উপস্থিত ছিলেন না। ঘরে ছিলেন তার বৃদ্ধা মা ও শিশু কন্যা। প্রতিবেশীরাই প্রথম ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় মানুষজন দ্রুত জল যোগাড় করে ও বাড়িতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছোয়। দমকল দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। যদিও তার আগেই আগুন নিভে যায়। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

4
তোলাবাজি ও হুমকি সহ নানান অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে ধৃত মন্তেশ্বরের পঞ্চায়েত প্রধান

তোলাবাজি, হুমকি সহ নানান অপরাধ মূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো জেলার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দাপুটে তৃণমূল নেতা রফিকুল ইসলাম ওরফে ডালিম শেখকে
মঙ্গলবার ধৃত ডালিম শেখকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যক্তির বিরুদ্ধে নানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানার পরে গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ। পুলিশ ইতিমধ্যেই সব ঘটনার তদন্ত শুরু করেছে।

5
ভিন রাজ্যে রক্ত পাচারের অভিযোগে বর্ধমানে বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান

ভিন রাজ্যে রক্ত পাচারের অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রায় তিন ঘণ্টা ধরে নথিপত্র ও কোয়ালিটি কন্ট্রোল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।

অভিযানে ছিলেন ডেপুটি সিএমওএইচ-৪ ডাঃ সুনেত্রা মজুমদার এবং আসানসোল জেলা হাসপাতালের এমওআইসি ডাঃ সন্দীপ চট্টোপাধ্যায়। তাঁরা জানান, কিছু নথি সংগ্রহ করা হয়েছে এবং বাকি কাগজপত্র জমা দেওয়ার জন্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে দু’দিন সময় দেওয়া হয়েছে।

আধিকারিকদের দাবি, এখনও পর্যন্ত রাজ্যের বাইরে রক্ত পাচারের কোনও তথ্য মেলেনি। সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে এবং ব্লাড ব্যাংককে নির্ধারিত গাইডলাইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

6
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে মদন মিত্র

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র।

ইডি সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগে অনিয়ম এবং চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগের তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি, ওই অর্থের একটি অংশ মদন মিত্র ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

এই আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়েই এদিন মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

7
একবালপুরে ৩৫ লক্ষ টাকার চুরির কিনারা, রিসর্ট থেকে ধৃত আসিফ

একবালপুরে প্রায় ৩৫ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ চুরির ঘটনায় ২১ বছরের আসিফ হোসেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চুরি দমন শাখা। রাজারহাটের একটি বিলাসবহুল রিসর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একবালপুরের এম এম আলি রোডের একটি বাড়ি থেকে ২০১ গ্রাম সোনার গয়না ও ৪ লক্ষ টাকা চুরি হয়েছিল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

জেরার পর এন্টালির বিবিবাগানে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চোরাকুঠুরি থেকে ১৭২ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একগোছা চাবি, যা ব্যবহার করে সে বিভিন্ন বাড়িতে চুরি করত বলে পুলিশের দাবি। বাকি গয়না উদ্ধারের চেষ্টা চলছে।