বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয় জোহার মেলার আয়োজন

 

বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কালনা ১ নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই ব্রিজ ফুটবল ময়দানে আদিবাসী জয় জোহার মেলার উদ্বোধন হলো। সারা রাজ্যের ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এই মেলায় আদিবাসীদের উন্নয়নকল্পে ১১ টি সরকারি স্টল বসে। ২০ ও ২১ নভেম্বর এই স্টলগুলিতে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন সরকারি সাহায্য যেমন এসটি কার্ড ,ছাত্রছাত্রীদের জন্য আধার কার্ড, খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড, কৃষি দপ্তর থেকে ফসলের বীজ এবং স্প্রে মেশিন প্রদান করা সহ একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা ছিল। এখানে শিক্ষা দপ্তর থেকে আদিবাসী ছেলেমেয়েদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়াও প্রাণীসম্পদ দপ্তর থেকে আদিবাসী মহিলাদের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। এখানে স্কুলের বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র মেলা প্রাঙ্গণ। আদিবাসী নাচ এবং গানের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এগিয়ে চলে। এই অনুষ্ঠানে সাংসদ ডাঃ শর্মিলা সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের কল্যাণে বিভিন্ন রকম প্রকল্পকে কার্যকর করেছেন। আদিবাসীদের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। এখান থেকে তাদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।