বিক্ষোভের মুখে নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান, গায়ে গোবর জল ডেলে দিল উত্তেজিত জনতা
জেলার নসরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার। স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েতের উপপ্রধান মবিল হোসেন মণ্ডল।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রয়োজনীয় নাগরিক পরিষেবা মিলছিল না। পাশাপাশি উপপ্রধানের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও দাদাগিরির অভিযোগও তোলেন তারা। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ, ক্ষুব্ধ জনতা উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। একপর্যায়ে তার গায়ে গোবর জল ঢেলে দেওয়া হয় এবং ময়লা-আবর্জনাও নিক্ষেপ করা হয়। ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাদনঘাট থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করা হয়। পুলিশ উপপ্রধান মবিল হোসেন মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে, ঘটনার বিষয়ে উপপ্রধান মবিল হোসেন মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।



