বর্ধমানের নবাবহাটে বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২৫ জন রোগী


বর্ধমানের নবাবহাটে বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২৫ জন রোগী

শহরের নবাবহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সোমবার হঠাৎই আগুন লাগে অন্নপূর্ণা নার্সিংহোমে। ঘটনার সময় নার্সিংহোমে প্রায় ২৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলে জানা যায়। আচমকা আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের ভিতরে।
প্রাথমিকভাবে জানা যায়, আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দ্রুত রোগীদের নিরাপদে বের করে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্থানীয় বাসিন্দা ও নার্সিংহোম কর্মীদের তৎপরতায় জানলার কাঁচ ভেঙে এবং বিকল্প উপায়ে একে একে রোগীদের উদ্ধার করা হয়। পরে তাদের আশেপাশের বিভিন্ন নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান। অবশেষে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই উদ্ধার অভিযানের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক দমকল আধিকারিক। তার নাম এ কে দত্ত। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
দমকল বিভাগের এক আধিকারিকের কথায় “আগুন লেগেছে ঠিকই, তবে কীভাবে আগুন লাগল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের একজন সাব-অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে”।
এই ঘটনার পর ফের বেসরকারি নার্সিংহোমগুলির অগ্নি-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।