1
প্রার্থীকে নিয়ে নিজের গ্রাম জামালপুরের বত্রিশবিঘায় ভোট প্রচারে মেহেমুদ
জেলার জামালপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান একজন দক্ষ সংগঠক হিসেবে জেলায় পরিচিত। জামালপুরে যেকোনো নির্বাচনে জেতার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। ব্লক সভাপতির দায়িত্ব পাবার পর একের পর এক বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূল প্রার্থীরা জিতেছেন। সেই মেহেমুদ খান নিজের গ্রাম বত্রিশবিঘায় ভোট প্রচারে যান এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী ভূতনাথ মালিককে সঙ্গে নিয়ে। সেখানে একটি সভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব,অঞ্চল সভাপতি আলিম শেখ, প্রধান ডলি নন্দী, সয়েদ মল্লিক সহ অন্যান্যরা। নিজের গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির যে নেতারা আজ প্রচারে আসছেন এদের কী অন্য কোনো সময় যখন বাংলায় বন্যা বা কোনো বিপর্যয়ের হয় তখন দেখা যায় ? শুধু নির্বাচনের সময় এদের দেখতে পাওয়া যায়। এখন এই নির্বাচনের সময় এসে নানা গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি আরও বলেন, এবারে জামালপুরে ঘরের ছেলেকে প্রার্থী করেছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
2
বিজেপিতে যোগ দেওয়ায় সাসপেন্ড গৌরসুন্দর মণ্ডল জানাল তৃণমূল
ভোটের মুখে দলবদলের পরই কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আইএনটিটিইউসি-র সহ-সভাপতি গৌরসুন্দর মণ্ডল সম্প্রতি বিজেপিতে যোগদান করার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গেছে, বিজেপির রাজ্য পার্টি অফিসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন গৌরসুন্দর মণ্ডল। এর পরেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেন তৃণমূল নেতৃত্ব।
এ প্রসঙ্গে কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কালনা শহর তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু জানান, দলীয় নির্দেশ মেনেই গৌরসুন্দর মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই গৌরসুন্দর মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব তৈরী হয়েছিল। তিনি দলের গাইডলাইন না মেনে কাজ করছিলেন। এমনকি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও তিনি একাধিকবার অবস্থান নিয়েছেন বলে অভিযোগ।
সন্দীপ বসুর দাবি, নতুন কমিটি ঘোষণার পরই গৌরসুন্দর মণ্ডল ব্লকের সহ-সভাপতির দায়িত্ব পান এবং সংগঠনে তাঁর ভূমিকা খুব একটা উল্লেখযোগ্য ছিল না। এই দলবদলের কোনো প্রভাব ভোটে পড়বে না বলে দাবি করেন সন্দীপ।


