1
কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেবী দক্ষিণাকালী মায়ের প্রসাদ গ্রহণের পাশাপাশি নিজের হাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, মায়ের কাছে সকলের সুস্থতা ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন। পাশাপাশি মা যে দায়িত্ব তাঁকে দিয়েছেন, তা সঠিকভাবে পালন করার শক্তিও চেয়েছেন। তিনি কালীঘাটকে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি হিসেবে উল্লেখ করে সকলের মঙ্গল কামনা করেন।
2
বেআইনি মদের কারবার আটকাতে পুলিশী উদ্যোগ অযোধ্যা পাহাড়ে
অযোধ্যা পাহাড় ও সংলগ্ন জঙ্গলে বেআইনি মদের কারবার রুখতে বড়সড় অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশ ও আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লূকুইচাটানি, হেদেলবেড়া, শালুনি ও ঘাটবেড়া জঙ্গলে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচটি বেআইনি মদের ঠেক ধ্বংস করা হয়। প্রায় ১,৮০০ লিটার চোলাই তৈরির রাসায়নিক মিশ্রণ নষ্ট করার পাশাপাশি ৬০ লিটার বেআইনি চোলাই মদ এবং মদ তৈরির ১০টি বড় হাঁড়ি ও পাত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দপ্তরের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, বেআইনি মদের কারবার বন্ধ করতে আগামী দিনেও অভিযান চলবে।
3
জেলার হারানো ২৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরালো পুরুলিয়া পুলিশ
হারিয়ে যাওয়া ২৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া জেলা পুলিশ। ‘প্রাপ্তি’ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে ফোনগুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার কুমার সানি রাজ উপস্থিত থেকে উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া ২৬০টি ফোনের মধ্যে পুরুলিয়া টাউন থানা এলাকার ৩৫টি মোবাইল এদিন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার জানান, বাকি ফোনগুলি সংশ্লিষ্ট থানার মাধ্যমে দ্রুত মালিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। হারানো ফোন ফিরে পেয়ে খুশি গ্রাহকরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
4
বাগেশ্বর কাণ্ডে মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা অতনু দাস
বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও তাঁর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করল পুলিশ। ভবানীপুর থানার সামনে তাঁর নেতৃত্বে বিক্ষোভে এই ছবি পোড়ানোর অভিযোগ ওঠে।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে অতনু দাসকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের পদক্ষেপের প্রতিবাদে কংগ্রেস সরব হতে পারে বলে জানা গেছে।
5
ঋণ নেননি, অথচ ব্যাঙ্কের চিঠি বাড়িতে! স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নামে লক্ষ লক্ষ টাকার ঋণের অভিযোগ
ঋণের জন্য আবেদন না করেও নিজেদের নামে লক্ষ লক্ষ টাকার ঋণ দেখানোর অভিযোগ তুলেছেন পূর্ব বর্ধমানের ভাতাড়ের স্বয়ম্ভর গোষ্ঠীর একাধিক মহিলা। সম্প্রতি ব্যাঙ্ক থেকে ঋণ পরিশোধের চিঠি বাড়িতে পৌঁছতেই বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁদের দাবি, ঋণের টাকা তাঁরা নেননি, এমনকি নিজেদের নামে কত টাকার ঋণ রয়েছে, তাও জানতেন না।
অজান্তে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে এত বড় অঙ্কের ঋণ নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলারা। ঘটনার তদন্ত ও সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধানের আশায় রয়েছেন অভিযোগকারীরা।
6
পূর্ব বর্ধমান জেলার কালনা ১ বিডিও অফিসের অস্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ এক রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে, প্রতিবাদে ডেপুটেশন
পূর্ব বর্ধমানের কালনা ১ বিডিও অফিসের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট শান্তনু লাহাকে মারধর ও মানসিক হেনস্থার অভিযোগ উঠেছে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। শান্তনুর অভিযোগ, রিপোর্ট তৈরি ও জমা দেওয়াকে কেন্দ্র করে ফোনে গালিগালাজের পর অফিসে তাঁকে চেয়ার ছোড়া, কিল-চড়-ঘুষি এবং গলা টিপে ধরার মতো ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখা কালনা ১ বিডিও অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ দেখায়। সংগঠনের অভিযোগ, লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও এখনও সন্তোষজনক ব্যবস্থা নেওয়া হয়নি। ৭ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
7
বর্ধমানের ইউআইটি কলেজে বিশ্বকর্মা পুজো নিয়ে উত্তেজনা, এবিভিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত বেশ কয়েকজন ছাত্র, ভাঙচুর প্রিন্সিপালের রুম
বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এবিভিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমানের ইউআইটি কলেজ। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর এবং তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
কলেজের অধ্যক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় এবিভিপির ছাত্র ও কয়েকজন বহিরাগত রড-বাঁশ নিয়ে তাঁর ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং তাঁকে ও দুই কর্মীকে আক্রমণ করে। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।


