বর্ধমানে বেআইনি বালি খাদানের টোল ট্যাক্স নিয়ে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


বর্ধমানে বেআইনি বালি খাদানের টোল ট্যাক্স নিয়ে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বেআইনি বালি খাদান এবং সেখান থেকে টোল ট্যাক্স আদায়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সভাপতির অভিযোগ, স্থানীয় বালি খাদান থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি চুরি ও পাচারের কারবার চলছে। তার দাবি, এই অবৈধ বালি চুরি চক্রের সঙ্গে সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকজন যুক্ত রয়েছেন। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীরা যখন এই অবৈধ বালি চুরি ও বেআইনি টোল আদায় বন্ধ করতে যান, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা রবিবার বর্ধমান সদর থানায় জমায়েত হন।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবু টুডু। তার দাবি, রাজ্যে নতুন সরকার এসেছে এবং তারা আশা করছেন যে প্রশাসন ও সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে রাজ্যে যাতে কোনোভাবেই শান্তির পরিবেশ বিঘ্নিত না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়েও তারা সহমত পোষণ করেছেন বলে জানান দেবু টুডু।