বর্ধমান হরিসভা নিয়ে ডাকটিকিট প্রকাশ ডাক বিভাগের | আইএনটিটিইউসির উদ্যোগে পথ দুর্ঘটনা রোধে বাস কর্মীদের নিয়ে বৈঠক


1
বর্ধমান হরিসভা নিয়ে ডাকটিকিট প্রকাশ ডাক বিভাগের

শতবর্ষ প্রাচীন বর্ধমান হরিসভা নিয়ে ডাকটিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। এই উপলক্ষ্যে ২৭ আগস্ট বর্ধমান হরিসভা নাটমঞ্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান ডিভিশনের সিনিয়র সুপারেনটেনডেন্ট অফ পোস্ট অফিসেস ইন্দ্রদ্যুম্ন মহান্তি, বর্ধমান হেড অফিসের সিনিয়র পোস্টমাস্টার মধুসূদন রায়, কাউন্সিলর রত্না রায় ও অজিত খান প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তী পর্যায়ে বর্ধমান হরিসভা শীর্ষক ডাকটিকিটের স্পেশাল কভার প্রকাশ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইন্দ্রদ্যুম্ন মহান্তি বলেন, ভারতীয় ডাক বিভাগ এই ধরনের ঐতিহাসিক স্থানকে মর্যাদা ও সম্মান দিয়ে ডাকটিকিট প্রকাশ করে থাকে। বর্ধমান শহরে এর আগে সর্বমঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। এবার ১০০ বছরের প্রাচীন এই বর্ধমান হরিসভা নিয়ে ডাকটিকিট প্রকাশ করা হলো। ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক খোকন দাস। তিনি এই ডাকটিকিটের মধ্যে দিয়ে এখানকার ইতিহাসকে ধরে রাখার যে উদ্যোগ তার সাফল্য কামনা করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, এই ধরনের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনকে ডাকটিকিটে স্থান দিয়ে এর ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ধমান হরিসভা-র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শীর্ষেন্দু সাধু। তিনিও ডাক বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন। (পজ্)

2
আইএনটিটিইউসির উদ্যোগে পথ দুর্ঘটনা রোধে বাস কর্মীদের নিয়ে বৈঠক

পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে পথ দুর্ঘটনা রোধ করার জন্য বাসের চালক ও কর্মীদের নিয়ে বৈঠক করা হলো। বর্ধমান ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু, সহ-সভাপতি মুক্তার মিঁয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এ প্রসঙ্গে সন্দীপ বসু বলেন, সাম্প্রতিককালে বেশ কিছু দুর্ঘটনা আমাদের চোখে পড়েছে। তাই দুর্ঘটনা রোধ করার জন্য আমরা এখানে বাসের চালক ও কর্মীদের নিয়ে মিটিং করলাম। তাদের সচেতন থাকার জন্য বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী দীর্ঘদিন ধরে চলছে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচার কর্মসূচীর গ্রহণ করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সারা বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে পথ দুর্ঘটনা আটকাতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আমরা চাই যানবাহন চালকরাও যেন নিজেরা এ ব্যাপারে সচেতন হন। আর সাধারণ পথচলতি মানুষকেও দুর্ঘটনা প্রতিরোধে সব নিয়ম মেনে পথে চলাচল করতে হবে। তবেই পথ দুর্ঘটনা কমানো সম্ভবপর হবে।