বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন মৌমিতা বিশ্বাস মিশ্র


বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন মৌমিতা বিশ্বাস মিশ্র

জেলার গুরুত্বপূর্ণ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিজেপির বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র।তিনি হাসপাতালের সুপার তাপস ঘোষের সঙ্গে দেখা করেন।তারপরেই সুপারকে সঙ্গে নিয়েই হাসপাতালের বহির্বিভাগ, ব্লাড ব্যাংক,শিশু বিভাগ, গাইনোকোলজি ওয়ার্ড পরিদর্শন করেন বিধায়িকা। হাসপাতাল পরিদর্শন করতে করতে রোগীদের সঙ্গে কথাও বলেন তিনি। বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, হসপিটালে মানুষ অত্যন্ত দুঃখের সময় আসেন। এটা এমন কোনো জায়গা নয় যেখানে মানুষ সুখের সময় আসেন। একমাত্র গাইনি ওয়ার্ডে যেখানে বাচ্চা হয়, বিভিন্ন পরিবারের লোক সুখের সময় সেখানে আসেন। আমাদের সরকারের আদর্শ আমরা মাথায় নিয়ে চলি, আমাদের সরকারের যেটা নীতি সবার সঙ্গে একই রকম ব্যবহার। সবার ক্ষেত্রে একই রকম পরিষেবা। সেই ব্যবস্থায়ী হবে এখানে। তিনি বলেন, এতো বড়ো হাসপাতাল ৪-৫ জন পুলিশে হবে না। সবার আগে সকলের নিরাপত্তা দিতে হবে। হাসপাতালে নার্স,রোগীর পরিবার সহ সকলকে নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের আউটডোরে বেঞ্চের মধ্যে ছারপোকা নিয়ে বিধায়িকাকে অভিযোগ করেন এক রোগীর পরিবার। সেই অভিযোগ পেয়েই বিধায়িকা হাসপাতালের সুপার তাপস ঘোষকে বিষয়টি দেখার কথা বলেন। পাশাপাশি হাসপাতালে পানীয় জলের সমস্যার কথাও জানান তাকে। একইসঙ্গে হাসপাতালে দালালরাজ বন্ধ করার কথা উল্লেখ করেন মৌমিতা।