প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে বিরাট মিছিল জারগ্রাম অঞ্চলে | ২৯ নম্বরে ভোটারদের পাশে সুশান্ত সহ তৃণমূলের কর্মীরা


1
প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে বিরাট মিছিল জারগ্রাম অঞ্চলে

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন ঘরের ছেলে ভূতনাথ মালিক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও প্রায় ৫০০০ কর্মী-সমর্থক নিয়ে এক বিরাট মিছিল করলো জারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। মাধবপুর থেকে আটপাড়া বাজার পর্যন্ত এই মিছিল করা হয়। তৃণমূলের প্রার্থীকে নিয়ে যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে বলে উল্লেখ করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান। মিছিলের সঙ্গে রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে প্রার্থী ভূতনাথ মালিককে সমর্থন জানান। এই মিছিলে পা মেলান ভোট পরিচালনার মূল কান্ডারী তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সুভাষ মন্ডল, জেলা নেতা শেখ মনতাজ, জেলা পরিষদের সদস্য শোভা দে,প্রধান নূরজাহান বিবি সাহানা, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে যেতে যেতেই সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান প্রার্থী। বয়সে বড়দের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। মিছিল শেষে আটপাড়ায় একটি পথসভা করা হয়। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, গত লোকসভা নির্বাচনে এই অঞ্চল সবথেকে বেশি লিড দিয়েছিল। আর আজকের এই মহামিছিল প্রমাণ করছে শুধু ভোট হবার অপেক্ষা। এখান থেকে বিপুল ভোট জিতবেন ভূতনাথ মালিক। প্রার্থী ভূতনাথ মালিক বলেন, বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি ভোটে জিতেছিলেন প্রার্থীরা। আজকের এই বিপুল জনসমাগম দেখে তিনি আশাবাদী। তিনি মনে করেন এখানে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত।

2
২৯ নম্বরে ভোটারদের পাশে সুশান্ত সহ তৃণমূলের কর্মীরা

বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে এসআইআর সংক্রান্ত কাজে ভোটারদের পাশে দাঁড়ালেন স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। জানা গেছে, এখানে ইতিমধ্যেই তিনদিন এসআইআর – য়ে বিচারাধীন প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে, সেই সমস্ত ব্যক্তিদের নাম যাতে ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়, তারজন্য ট্রাইবুনালে আবেদন করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় অনলাইনে ফর্ম ফিলাপ করা হচ্ছে। এই কাজে এলাকার বাসিন্দাদের তারা সহযোগিতা করছেন বলে জানান সুশান্ত। তিনি বলেন, আমরা এখান থেকেই অনলাইনে ফর্ম ফিলাপের কাজ করছি। এখানে বহু মানুষ রয়েছেন তারা লেখাপড়া জানেন না। এই ধরনের ফর্ম ফিলাপ করার কোনো সুযোগ তাদের নেই। তাই তাদের পাশে দাঁড়িয়ে এক্ষেত্রে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে।