নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা শ্যামাপ্রসন্নর
২৭৩ তপশিলী আউশগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই উদ্বোধনী পর্বের বিশেষ আকর্ষণ ছিল এই কার্যালয়ের ভিতরে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ধর্মাচরণ অনুষ্ঠান। এ প্রসঙ্গে এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবী শ্যামাপ্রসন্ন লোহার বলেন, এই ধরনের উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হলো, আউশগ্রামের বাসিন্দাদের মঙ্গল কামনা, সেই লক্ষ্য নিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, এটাই ভারতের সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি সেই সনাতন ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। তাদের লক্ষ্য বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ তৈরী করা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা সবসময়ই দিয়ে এসেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে সব ধর্মের সমন্বয়ের বার্তা দিতে উদ্যোগ নিয়েছি। এখানে উপস্থিত রয়েছেন আউশগ্রামের দুটি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, গুসকরা পৌরসভার চেয়ারম্যান, এই শহরের তৃণমূলের শহর সভাপতি সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। শ্যামাপ্রসন্ন বলেন, সকলের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।


