দুয়ারে সরকার শিবিরে রক্তদান কর্মসূচী IIদুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রতিনিধিরা II পূর্ব বর্ধমান চক্রের ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা II ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ

1
দুয়ারে সরকার শিবিরে রক্তদান কর্মসূচী

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত দুয়ারে সরকার শিবিরে এক রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এই শিবিরে মোট ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন। এদের মধ্যে ২০ জন হলেন মহিলা। এই রক্তদান কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য প্রত্যেক রক্তদাতাকে অভিনন্দন জানান গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা দাস, উপপ্রধান বংশীবদন সাহানা ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক। তারা বলেন, এই কর্মসূচীতে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক্ষেত্রে এক আলাদা মাত্রা এনে দিয়েছে।
এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, দুয়ারে সরকার শিবিরকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন একটা দৃষ্টান্ত। এই শিবিরে আগত মানুষজন যেভাবে রক্তদান করতে এগিয়ে এসেছেন তারজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, রক্তদানের মতো মহতী কর্মযজ্ঞের আয়োজন, এখানে আয়োজিত দুয়ারে সরকার শিবিরকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই রক্তদান কর্মসূচীতে পুরুষদের পাশাপাশি যেভাবে মহিলারা এগিয়ে এসেছেন, তা আগামী দিনে রক্তদানের ক্ষেত্রে স্থানীয় মানুষদের আরও অনুপ্রাণিত করবে বলেই আশা রাখছি।

2
দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রতিনিধিরা

এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে চলছে পরিষেবা প্রদান তা খতিয়ে দেখতে জৌগ্রামে জৌগ্রাম নব প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প ঘুরে দেখলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মণ্ডল, মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। তারা ক্যাম্পে আগত সকল মানুষের সঙ্গে কথা বলে কার কী প্রয়োজন তা জানার চেষ্টা করেন। প্রতিটি প্রকল্পের কাউন্টার গুলি তারা ঘুরে দেখেন। মেহেমুদ খান বলেন, গোটা ব্লকেই দুয়ারে সরকার ক্যাম্পগুলি উৎসবের আবহে চলছে। ইতিমধ্যেই জামালপুর ঘুরে গেছেন প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, জেলাশাসক আয়েশা রাণী এ, এস ডি ও বুদ্ধদেব পান সহ অনেকেই। সকলেই খুশি হয়েছেন জামালপুরের দুয়ারে সরকার ক্যাম্প দেখে। মেহেমুদ খান জানান, তাঁরা জৌগ্রামে এসেছেন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে। এখানেও খুব ভালো ভাবেই চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আগত মানুষজন এখানে তাদের যথাযথ পরিষেবা পাচ্ছেন বলে জানা গেছে।

3
পূর্ব বর্ধমান চক্রের ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচড়া হাইস্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান চক্রের ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। জামালপুর,রায়না, সাতগাছিয়া,খন্ডঘোষ,
মেমারি প্রভৃতি চক্রের সস্ক্রিয় অংশগ্রহণে , সুন্দর পরিবেশে উৎসবের আবহে , মশাল প্রজ্বলন ,জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও রাজ্য সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ণতা পায় এই বাৎসরিক খেলাধুলার আসর। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDO- বুদ্ধদেব পান, BDO- পার্থসারথী দে, DI- দেবব্রত পাল, AI- প্রীয়ব্রত মুখার্জী সহ সরকারি আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও মেমারির বিধায়ক তথা DPSC-র চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। সর্বোপরি উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহেমুদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কল্পনা সাঁতরা , পাঁচড়া অঞ্চলের প্রধান বিকাশ পাকড়ে, বিশিষ্ট সমাজসেবী জয়দেব দাস। শিক্ষা সেলের দুই চক্রের দুই সভাপতি সৌমেন বাবু এবং রহমান বাবুর সুচারু কর্মদক্ষতায় সুসম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।

4
ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ

দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। আর এই পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষ দিনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রচিত “ইউ-টার্ন” শীর্ষক ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ সায়ক দাস। ৩৫ টি গল্প, ১৫ টি কবিতা রয়েছে এই ম্যাগাজিনে। রাজ্যের বিভিন্ন প্রান্তের লেখক-লেখিকারা অংশ নেন এই উদ্যোগে। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান “পড়ুয়াদের কাছে সাহিত্যের মাধ্যমে পথ সচেতনতা ও ড্রাগ বিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এহেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ম্যাগাজিনের বৈদ্যুতিন সংস্করণও প্রকাশিত হয়। প্রচ্ছদ করেছেন রাজ্যের দুই পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য ও অম্লান কুসুম ঘোষ”। এদিন ট্রাফিক সচেতনতায় একটি গানও পুনঃপ্রকাশ হয় সংস্থার তরফে। যাতে বিভিন্ন বিখ্যাত শিল্পীরা পথ সুরক্ষার বার্তা দিয়েছেন। রাজ্যে শুধুমাত্র ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী বিষয়ক বার্ষিক পত্রিকা একমাত্র এটিই বলে সংস্থার দাবি। যা ২০১৬ শাল থেকে প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন সন্দীপন সরকার।