দাবি আদায়ে পিএইচই দপ্তরের কর্মীদের বিক্ষোভ, পূর্ত ভবনে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন
এবার দীর্ঘদিনের বকেয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নামলেন পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অস্থায়ী ও ল্যাব কর্মীরা। বৃহস্পতিবার পূর্ত ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। পরে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিয়মিতভাবে কাজ করলেও স্থায়ী কর্মীদের মতো ন্যায্য স্বীকৃতি, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন বলে জানান।
কর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— লিভ কর্মীদের স্থায়ী কর্মচারীদের ন্যায় স্বীকৃতি প্রদান, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া, দীর্ঘদিনের বঞ্চনার অবসান এবং কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতে উপযুক্ত বেতন কাঠামো প্রণয়ন। তাদের বক্তব্য, বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেও তারা আর্থিক ও প্রশাসনিক বৈষম্যের শিকার হচ্ছেন।
ডেপুটেশন গ্রহণের পর সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। তবে দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা।



