তৃণমূলের পোস্টারের উপরে বিজেপির পোস্টার লাগানোয় ক্ষোভ


তৃণমূলের পোস্টারের উপরে বিজেপির পোস্টার লাগানোয় ক্ষোভ

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথের সমর্থনে প্রচার কর্মসূচী চলছে। এই প্রচারেরই অঙ্গ হিসেবে স্থানীয় নসরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছিলেন তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। কিন্তু রবিবার তারা দেখতে পান সেই পোস্টার ছিঁড়ে তার উপরে বিজেপি নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত পোস্টার লাগিয়ে দিয়েছে। তেমনটাই অভিযোগ করছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত মোদক বলেন, আমরা এই ঘটনার জন্য কয়েকজনকে চিহ্নিত করেছি। তাদের সম্পর্কে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। তৃণমূল কংগ্রেস কখনও অন্য কোনো দলের পোস্টারের উপরে পোস্টার লাগায় না। সেই অভিযোগ এখানে কেউ করতে পারবেন না। স্বপন দেবনাথ এখানে ২০ বছর ধরে বিধায়ক রয়েছেন। সকলেই জানেন এই কাজ তৃণমূল কংগ্রেস করে না। অথচ ভারতীয় জনতা পার্টি ভোটের মাত্র কদিন আগে স্থানীয় এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের অপকর্ম করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।