জামালপুরে পথশ্রী প্রকল্পে একের পর এক রাস্তার উদ্বোধন
একের পর এক পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন হচ্ছে জামালপুরে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ পঞ্চায়েতের বত্রিশবিঘা গ্রামে কবরস্থান থেকে ইঁটভাটা পর্যন্ত ৯২ লক্ষ ৮৭ টাকা ব্যয়ে ২.১৫ কিমি রাস্তার উদ্বোধন করা হলো ২ মার্চ। উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, প্রধান ডলি নন্দী, অঞ্চল সভাপতি আলিম শেখ সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, গোটা ব্লক জুড়ে সব অঞ্চলেই পথশ্রীর রাস্তা তৈরী হয়েছে। কৃষিপ্রধান অঞ্চলে এই রাস্তা কৃষকদের যেমন সাহায্য করছে, তেমনই সাধারণ মানুষের যাতায়াতের বিরাট সুবিধা হয়েছে। এলাকার অর্থনৈতিক উন্নয়নে এই রাস্তাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবেই উন্নয়নকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ভূতনাথবাবু বলেন, পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প। রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে প্রত্যন্ত জায়গাতেও হয় ঢালাই নয়তো পিচ রাস্তা তৈরী হয়েছে। এই রাস্তা গুলি সাধারণ মানুষের ব্যবহারে খুবই কাজে লাগবে।


