1
ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ম্যাথামেটিক্যাল ইন্সট্রুমেন্ট বক্স
বর্ধমান শহরের তেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনে দীর্ঘদিন ধরেই বিদ্যালয় স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। এই কাজে সহযোগিতা করেন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকারা। এবার এই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থার 2025 -27 বর্ষের নবনির্বাচিত পরিচালন সমিতির অন্যতম আমন্ত্রিত সদস্য অমিতা ঘোষ। তার আর্থিক সহায়তায় ৪৫ জন ছাত্রছাত্রীর হাতে ম্যাথামেটিক্যাল ইন্সট্রুমেন্ট বক্স তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত জানান, অমিতা ঘোষ যেভাবে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন তারজন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। তার এই উদ্যোগ অবশ্যই এখানে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে সহায়তা করবে। এরজন্য প্রায় পাঁচ হাজার টাকা অর্থ ব্যয় হয়েছে। উৎপল দত্ত বলেন, এই সমস্ত মানুষরা আমাদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই এই প্রতিষ্ঠান তার সামাজিক কাজ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারছে।
2
কোজিকোরে এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন শুরু ২৭ জুন
২৭ থেকে ৩০ জুন কেরালার কোজিকোরে এসএফআই-এর ১৮ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের প্রতি প্রান্ত থেকে শহীদদের পরিবার থেকে তুলে দেওয়া সংগঠনের পতাকা পৌঁছচ্ছে সম্মেলন মঞ্চে। ১৯৭০ সালে খুন হওয়া বিবেকানন্দ কলেজের পড়ুয়া ও এসএফআই সংগঠক নিত্য পালের পরিবারের সঙ্গে ২০ জুন দেখা করেন এসএফআই এর প্রতিনিধি দল। নিত্য পালের পরিবারের থেকে পাওয়া সংগঠনের পতাকা পৌঁছে দেওয়া হচ্ছে কোজিকোরে, সর্বভারতীয় সম্মেলন মঞ্চে। এর পাশাপাশি ২০ জুন, ১৯৭১ সালে খুন হওয়া রাজ কলেজের পড়ুয়া ও এসএফআই এর সংগঠক আনোয়ার হোসেনের শহীদ দিবসে রাজ কলেজে অবস্থিত আনোয়ার হোসেনের শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। ২২ জুন শহীদ আনোয়ার হোসেনের বৃহত্তর পরিবার – রাজ কলেজের প্রাক্তনীদের একত্রিত করে আনোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির দপ্তরে। এদিন উপস্থিত ছিলেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক ও রাজ কলেজ ছাত্র সংসদের প্রাক্তন জিএস অপূর্ব চ্যাটার্জী সহ বিভিন্ন সময়ের রাজ কলেজের সংগঠনের কর্মী, নেতৃত্বরা। এদিন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান রাজ কলেজ এসএফআই এর প্রাক্তনীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অন্যদিকে এসএফআই-এর প্রক্তনীরা বর্তমান এসএফআই কর্মীদের হাতে সংগঠনের শ্বেত পতাকা তুলে দেন। যা পৌঁছে দেওয়া হবে এসএফআই এর সর্বভারতীয় সম্মেলন মঞ্চে। এদিন উপস্থিত প্রাক্তনীরা শহীদ আনোয়ার হোসেন ও কলেজের রাজনীতি নিয়ে আলোচনা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা নিয়েও আলোচনা করেন।


