চেম্বারে ঢুকে ডাক্তারকে খুনের পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ খুনির
ভরদুপুরে এক ডাক্তারের চেম্বারে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। ঘটনার পর খুনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে সূত্রে মারফত খবর। ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারি বর্ধমান শহরের বাদামতলায়। এদিকে দিন-দুপুরে এই নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। একেবারে জনবহুল বাদামতলা এলাকায় রাস্তার ধারে ডাক্তারের চেম্বারে ঢুকে তাকে খুন করার ঘটনা বিস্মিত করেছে স্থানীয়দের। জানা গেছে, মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক (৪৬)। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে এই খুনের ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ কেউই সঠিকভাবে কিছু উল্লেখ করেননি। সূত্র মারফত আরও জানা গেছে, মৃত চিকিৎসকের চেম্বারে ঢুকে তাকে খুন করার পর খুনি নিজেই বর্ধমান থানায় হাজির হয়। পরবর্তী পর্যায়ে পুলিশ খুনিকে সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছয়। এ প্রসঙ্গে জানা যায়, খুনি জীবন রুইদাসের বাড়ি শক্তিগড় থানার আমড়া এলাকায়। গত বছর ডিসেম্বর মাসে তার ঠাকুমার একটি প্রেসক্রিপশন নিয়ে খুনি থানায় হাজির হয়। তার দাবি হাড়ের ডাক্তার আরএমপি রাজা ভৌমিক তার ঠাকুমার ভুল চিকিৎসা করেন। ফলে তিনি মারা যান। সেই আক্রোশেই এই খুনের ঘটনা বলে জানিয়েছে খুনি। যদিও পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। খুনিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যে ঘরটিতে খুনের ঘটনা ঘটেছে সেটিও আপাতত সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে পরবর্তী পর্যায়ে ফরেনসিক দল সেখানে আসতে পারে।


