কুষ্ঠমুক্ত বাংলা গড়তে খণ্ডঘোষে সচেতনতামূলক কর্মসূচী | পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো এসএফআই


1
কুষ্ঠমুক্ত বাংলা গড়তে খণ্ডঘোষে সচেতনতামূলক কর্মসূচী

কুষ্ঠমুক্ত বাংলা গড়ে তোলার লক্ষ্যে সারা রাজ্যজুড়েই নানান কর্মসূচী নেওয়া হয়েছে। সেই লক্ষ্যপূরণে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই কাজ চলছে শহর থেকে গ্রাম সর্বত্র। ৩ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলে এ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত সাধারণ মানুষকে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতন করা হয়। এ খবর জানান, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। বিশ্বনাথ রায় বলেন, এদিন আশাকর্মী সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মূলত তারা যেভাবে এই রোগ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন তারজন্যই তাদের সম্বর্ধনাজ্ঞাপন। প্রায় ৭০ জন স্বাস্থ্য দপ্তরের কাজের সঙ্গে যুক্তদের সম্বর্ধিত করার মধ্যে দিয়ে এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য তাদের অনুপ্রাণিত করা হলো। বিশ্বনাথ জানান, এদিন এর পাশাপাশি স্থানীয় এলাকার ২০ জন কুষ্ঠরোগীর হাতে পুষ্টিযুক্ত খাবার তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি সফল করেন বেড়ুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। বিশ্বনাথের কথায়, আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে যথেষ্ট উন্নত করা হয়েছে। সেইমতো কুষ্ঠ রোগ নিবারণে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সক্রিয় সহযোগিতা করছেন। আশাকর্মীরাও এগিয়ে এসেছেন। চিকিৎসকরাও এ ব্যাপারে তাদের পরামর্শ দিচ্ছেন। সকলের সমবেত প্রচেষ্টায় কুষ্ঠমুক্ত বাংলা গড়ার যে প্রচেষ্টা তাকে সার্থক করে তোলা হবে। কুষ্ঠ রোগীদের রোগ মুক্ত করে তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসাটাও আমাদের লক্ষ্য বলে জানান বিশ্বনাথ।

2
পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো এসএফআই

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। প্রত্যেক ছাত্রছাত্রীই জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই-এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জেলার বিভিন্ন প্রান্তে ইতিপূর্বেই এসএফআই-এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্প ক্যাম্প করে এসএফআই। পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এছাড়া পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী কোন ঘরে পরীক্ষার সিট পড়ছে, অভিভাবকদের বসার জায়গা, পানীয় জলের বন্দোবস্ত করে সকলের পাশে দাঁড়ায় এসএফআই। জীবনের প্রথম বড় পরীক্ষা সহ লেখাপড়ার যেকোনো অসুবিধায় সঙ্গে থাকার বার্তা দিয়েছে এসএফআই। এদিন বর্ধমান ,কালনা, কাটোয়া সহ এসএফআই-এর প্রত্যেকটি হেল্প ক্যাম্পের সামনে সহযোগিতার আশায় ব্যাপক ভিড় জমায় পরীক্ষার্থী ও অভিভাবকরা। আগত প্রত্যেককেই সহযোগিতা করা হয় এসএফআই-এর পক্ষ থেকে।