গৃহবধূকে নদীতে ডুবিয়ে খুনের অভিযোগ! বর্ধমান মেডিক্যালে মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, KMC-তে তদন্ত

পূর্ব বর্ধমানের নাদনঘাটে চাঞ্চল্যকর ঘটনা। বাসন মাজতে খড়ি নদীতে যাওয়া গৃহবধূ তাপসী সামন্তকে জোরজবরদস্তির চেষ্টা এবং পরে নদীতে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে বাসুদেব মান্না নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় এক বালকের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে নাদনঘাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে কালনা আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতের পর শুক্রবার ফের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও ক্ষুদিরাম টুডু। হাসপাতালের গাইনি, আউটডোর সার্জারি, শিশু ও মেডিসিন বিভাগ পরিদর্শন করে রোগী পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। চিকিৎসা পরিষেবা মোটের উপর ঠিক থাকলেও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিচ্ছন্নতার জন্য ১০-এর মধ্যে শূন্য দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি দালাল চক্র রুখতে ব্যাচ চালু এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানান। হাসপাতালের দেওয়ালে প্রতিবাদী লেখা দেখেও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

কলকাতা পুরসভায় ‘ভুয়ো কর্মী’ নিয়ে উঠেছে অভিযোগ। বেতন বা পারিশ্রমিকের তালিকায় থাকা কিছু কর্মী বাস্তবে সংশ্লিষ্ট বিভাগে কাজ করছেন না—এই অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে KMC। বোরো ও বিভাগে বাস্তবে কর্মরত কর্মী এবং পে-রোলে থাকা কর্মীদের সংখ্যা মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে বায়োমেট্রিক হাজিরা, কাজের সময় এবং বেতনের তথ্যও যাচাই করবে তদন্ত কমিটি।

এদিকে, কংগ্রেসের দলীয় সংগঠনকে শক্তিশালী করতে বর্ধমান ভবনে অনুষ্ঠিত হলো ‘সংগঠন সৃজন’ কর্মসূচি। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত সভাপতি ও নেতৃত্ব নির্বাচন এবং সংগঠন আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের পতাকা পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে নামল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মী-সমর্থকেরা। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের পতাকা পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দেখুন Straightcut News-এর এই প্রতিবেদনে বর্ধমান, কলকাতা ও যাদবপুরের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপডেট।

#StraightcutNews #বর্ধমান #পূর্ববর্ধমান #নাদনঘাট #খড়িনদী #গৃহবধূখুন #বর্ধমানমেডিক্যালকলেজ #স্বাস্থ্যমন্ত্রী #KMC #কলকাতাপুরসভা #ভুয়োকর্মী #কংগ্রেস #সংগঠনসৃজন #যাদবপুরবিশ্ববিদ্যালয় #ছাত্রপরিষদ #পশ্চিমবঙ্গ #বাংলারখবর #আজকেরবড়খবর #BengaliNews #WestBengalNews #BanglaNews