1
গাছ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ গাছ মেলা
১১ থেকে ১৪ জানুয়ারি বর্ধমানের খোসবাগানে অবস্থিত জাতীয় সংঘের মাঠে অনুষ্ঠিত হলো গাছ মেলা। গাছ গ্রুপের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষ এই গাছ মেলার উদ্বোধন করেন বিজ্ঞানী গুণীদ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা স্কুল পরিদর্শক দেবব্রত পাল। এবার প্রায় দু হাজার গাছের সম্ভার নিয়ে গাছ মেলা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষে গাছ মাস্টার নামে খ্যাত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী জানান, গাছ মেলার চার দিন মেলা প্রাঙ্গণে বহু মানুষের সমাগম ঘটেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সব বয়সের মানুষরাই এই গাছ মেলায় উপস্থিত হয়েছেন। মূলত, পরিবেশকে সুরক্ষিত রাখার বার্তা দিয়ে এই গাছ মেলার আয়োজন। মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা, গাছ কাটা বন্ধ করা, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা, পরিবেশকে সুরক্ষিত রাখা এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই এই গাছ মেলার আয়োজন। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আবারও নেওয়া হবে বলে জানান অরূপ চৌধুরী।
2
পাড়ায় সমাধান প্রকল্পে ২৯ নম্বর ওয়ার্ডে টিউবয়েলের উদ্বোধন
কয়েক মাস আগে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বিভিন্ন এলাকার উন্নয়নে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়। তারা লিখিতভাবে তাদের দাবি ও চাহিদার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন। সেই মতো এবার শহর ও গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশকিছু প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। ঠিক তেমনই বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর ভবানী ঠাকুর লেনে একটি নতুন টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি জানান, এই প্রকল্প খাতে রাজ্য সরকার খরচ করেছে ৭১ হাজার ৩০৪ টাকা ৪৭ পয়সা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে এই প্রকল্পকে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। সুশান্ত বলেন, মুখ্যমন্ত্রী চেয়েছেন প্রত্যেকটি এলাকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক তাদের মতামতের ভিত্তিতে ও সাধারণ মানুষের চাহিদাক্রমে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। সেই মতোই এখানে এই টিউবওয়েল তৈরী করা হলো। এরফলে স্থানীয় মানুষরা খুবই উপকৃত হবেন।


