খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন II নেতাজিকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করেন,বার্তা সুশান্তর II সাংবাদিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 

খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

ভারতের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন তাকেই আজকের দিনে আমাদের আদর্শ হিসেবে সামনে রাখতে হবে। বর্তমান সময়ে এই দেশকে যেভাবে বিভাজনের রাজনীতিতে বিভক্ত করার প্রচেষ্টা চলছে তাকে প্রতিহত করতে গেলে, নেতাজিই একমাত্র আদর্শ যিনি আমাদের প্রকৃত পথ দেখাতে পারবেন। তিনিই আমাদের আলোর পথের দিশারি। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ভাবেই তার অভিমত ব্যক্ত করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এদিন তার ব্লকে বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে একইভাবে ভারতের যে সনাতন ঐতিহ্য সেই বিবিধের মাঝে ঐক্যের বার্তা তুলে ধরেন তিনি। অপার্থিব বলেন, আজ আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশে বসবাস করছি, অত্যন্ত নিরাপদে রয়েছি। কিন্তু একটা সময় এমন দিন ছিল যখন ব্রিটিশ শাসকদের অত্যাচারকে সহ্য করে এদেশের মানুষকে পরাধীনতার যাবতীয় গ্লানিকে মেনে নিয়ে এখানে বসবাস করতে হতো। আর সেই পরাধীনতার গ্লানি থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে যে মানুষরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই প্রতিবছরই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করি ২৩ জানুয়ারি তাঁর জন্মদিবসে। এদিন বিভিন্ন অনুষ্ঠানে অপার্থিব ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, ব্লকের তৃণমূলের অন্যতম যুব নেতৃত্ব শুভেন্দু পাল সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তারা প্রত্যেকেই এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এদিন শ্রদ্ধা নিবেদন করেন।

নেতাজিকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করেন,বার্তা সুশান্তর

আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছিলেন তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু অন্যতম। নেতাজি সুভাষচন্দ্র বসু এমনই একজন মানুষ যাকে স্বাধীনতার যোদ্ধা হিসেবে সারা বিশ্ব শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। তাঁর মতো বিপ্লবী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই এই দেশ স্বাধীনতার আলো দেখতে পেয়েছিল। আমরা ভারতবাসীরা যারা আজ স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছি, তারা এই স্বাধীনতার কথা বলতে পারছি নেতাজির মতো একজন মানুষ ছিলেন বলে। তাই আসুন ২৩ জানুয়ারি তাঁর জন্মদিবসে আমরা প্রত্যেকে মাথা নত করে তাঁকে প্রণাম জানাই। বর্ধমান শহর ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় উত্তরফটকে নেতাজির জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান বিপ্লবীদের আদর্শকে সামনে রেখে আজকের প্রজন্মের ছেলেমেয়েদের পথচলার কথা বলেন। এদিনের অনুষ্ঠানে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রঞ্জন ব্যানার্জী। অনুষ্ঠান পর্বে উপস্থিত মানুষজনসহ পথ চলতি প্রায় ৫০০ মানুষের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।

সাংবাদিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বর্ধমান ইউনিটের উদ্যোগে এবং পিয়ারলেস হসপিটাল কর্তৃপক্ষের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় লায়ন্স ক্লাব ভবনে আয়োজিত এই শিবিরে সাংবাদিক সহ বিভিন্ন জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পিয়ারলেস হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এই কাজের সহযোগিতা করা হয়। এ প্রসঙ্গে আইজেএ-র বর্ধমান ইউনিটের সভাপতি স্বপন মুখার্জী বলেন, মূলত আমরা নেতাজির জন্মদিনটিকে বেছে নিয়ে সাংবাদিকদের সুবিধার্থে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি। কারণ সাংবাদিকরা নিজেদের কাজে সারাবছর ব্যস্ততা থাকেন। ফলে স্বাস্থ্য পরীক্ষা করার সময়টুকু তারা পান না। এই পরিস্থিতিতে সাংবাদিকদের কথা বিশেষভাবে চিন্তা করে এই ধরনের একটি শিবিরের আয়োজন করা হয়েছে।