খণ্ডঘোষে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো পেন ও জলের বোতল | মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে কাউন্সিলর


1
খণ্ডঘোষে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো পেন ও জলের বোতল

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সোমবার ছিল পরীক্ষার প্রথম দিন। আর এদিন জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, সমাজসেবী সাইদুল ইসলাম, তুহিন খান, গিয়াসউদ্দিন খান, রাধাকান্ত মন্ডল প্রমুখ। এদিন পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের তারা সকলেই শুভেচ্ছাজ্ঞাপন করেন। এর পাশাপাশি তাদের হাতে পেন ও জলের বোতলও তুলে দেওয়া হয়। তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় সেই বার্তাও দেওয়া হয়। এ প্রসঙ্গে অপার্থিব বলেন, মাধ্যমিক পরীক্ষা প্রতি বছরই এই রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এরজন্য শিক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা এখানে উপস্থিত হয়েছি উখরিদ হাইস্কুলে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে। এটা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই তারা যাতে ঠান্ডা মাথায় সুস্থ মন নিয়ে পরীক্ষা দেয়, সেই বার্তাই তাদের কাছে পৌঁছে দিয়েছি।

2
মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে কাউন্সিলর

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের নতুনগঞ্জে রাজ কলেজিয়েট স্কুলে। শুরুর দিন থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এখানে পরীক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকরা। এই অভিভাবকদের কথা চিন্তা করে প্রতিবছরই এই স্কুলের বাইরে ক্যাম্প করেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবুদ্দিন খান। এ বছরও সেই ক্যাম্প করা হয়েছে। সাহাবুদ্দিন খান বলেন, আমরা এই ক্যাম্পে অভিভাবকদের বসার ব্যবস্থা করেছি। শুধু তাই নয় তারা আসার পরে পানীয় জল ও চা – বিস্কুট দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে মুড়িও খাওয়ানো হয়েছে তাদের। এর পাশাপাশি এখানে আগত বিশেষ করে মহিলা অভিভাবকদের জন্য বাথরুম ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেই দিকটিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সাহাবুদ্দিন বলেন, আমি প্রতিবছরই এই উদ্যোগ এখানে গ্রহণ করে থাকি। আমার পাশে থেকে সহযোগিতা করেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সাহাবুদ্দিন বলেন, যতদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিনই আমরা অভিভাবকদের পাশে এইভাবে থাকবো।