কালীপুজোয় একের পর এক মন্ডপ উদ্বোধনে মেহেমুদ
পূর্ব বর্ধমানের জামালপুরে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন করেন জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। গত কাল তিনি নবগ্রামে কালীমাতা ক্লাবের ১২ হাত কালীর উদ্বোধন করেছিলেন। পরদিন তিনি বেত্রাগড় উত্তরপাড়া বারোয়ারী শীতলা মাতা ক্লাবের ও জৌগ্রাম পদ্মপুকুর যুব সংঘ যাদের এবছর পুজো ৩৪ তম বর্ষে পড়লো তাদের কালীপুজোর উদ্বোধন করেন। এছাড়াও কাঠুরিয়া পাড়া সমাজবন্ধু ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন তিনি। বেত্রাগড়ে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ( পাঞ্জাব) সহ অন্যান্যরা। এখানে দুদিন ধরে বিশেষ অনুষ্ঠান করা হবে। উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা রজতাভ দত্ত। থাকবেন বিখ্যাত কিছু গায়ক গায়িকা। জমজমাট অনুষ্ঠান হবে দুদিন ধরে। জৌগ্রামে তার সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, জামালপুরে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই। এখানে মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম যার যার উৎসব সবার। তাই তিনি মুসলিম হয়েও হিন্দুদের পুজোয় অংশ গ্রহণ করেন।


