1
২৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু
বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ চলছে। এই ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা সারানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক জানান,, ২৯ নম্বর ওয়ার্ডে হাতিশাল মোড় থেকে মিঠাপুকুর মোড় এবং নাগরিক কমিটির অফিস থেকে শ্যামলাল মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই কাজে বর্ধমান পৌরসভা সর্বতোভাবে সহযোগিতা করছে। সুশান্ত বলেন, এখন দুটি রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। পরবর্তী পর্যায়ে ওয়ার্ডের সবকটি রাস্তাই সারানো হবে। অম্রুত প্রকল্পের পাইপলাইন বসানোর কারণে রাস্তাগুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে বর্ধমান পৌরসভার কাছে আমরা আগেই আবেদন করেছিলাম। সেই আবেদনের ভিত্তিতে অম্লুত প্রকল্পের কাজ শেষ হওয়ার পর রাস্তা সারানোর কাজ শুরু করা হয়েছে। আমরা আশাবাদী এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা যাবে। এই কাজ শুরু হওয়ায় ওয়ার্ডের বাসিন্দারাও যথেষ্টই খুশি।
2
জমিদার বাড়ির কালীপুজোয় কালীর চুরি যাওয়া গয়না উদ্ধার করলো মেমারি থানার পুলিশ
গতকাল মধ্যরাতে, যখন ঘড়ির কাঁটা বারোটা ত্রিশের ঘর ছুঁয়েছে, সেই মাহেন্দ্রক্ষণে খবর এল মেমারি থানার অন্তর্গত দলুইবাজার গ্রামের “জমিদার ব্যানার্জী বাড়ির মা কালী পুজোর” মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। পুজোর রেশ কাটতে না কাটতেই এই সংবাদে যেন গোটা অঞ্চলে একটা নিস্তব্ধতা নেমে আসে।
খবর আসার সঙ্গে সঙ্গেই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় , আইসি পালসিট, ওসি মেমারি, সি আই বি এবং ডিএসপি মেমারির নেতৃত্বে শুরু হয় তদন্ত। জমিদারবাড়ির দেউড়িতে তখন শোক আর সন্দেহের এক মিশ্র পরিবেশ। তদন্তের গভীরে যেতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন যুবকের নাম উঠে আসে— দেবজ্যোতি চৌধুরী (৩২), পিতা সুপ্রভাত চৌধুরী, যিনি কিনা বর্ধমানের খোশবাগানের বাসিন্দা এবং এই বাড়িরই একজন শরিকের বিশেষ বন্ধু। কিন্তু সে ততক্ষণে এলাকা ছেড়েছে।
এরপরেই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সঙ্গে সেই ‘সন্দিগ্ধ’ যুবককে দ্রুত থানায় আনা হয়। এরপর দীর্ঘ জেরায় যুবকটি স্বীকার করে তার অপরাধ। নিছক লোভের বশে সে পবিত্র দেবী মূর্তির গহনা হাতিয়েছিল। তার জবানবন্দির পরই উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মহামূল্যবান অলঙ্কার। অপরাধীকে বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে।
3
তেজগঞ্জে অন্নদা কালীবাড়িতে মায়ের পুনঃ প্রতিষ্ঠা
বর্ধমানের তেজগঞ্জে শ্রী শ্রী অন্নদাচারণ ভট্টাচার্যের দক্ষিণাচরণ কালীবাড়িতে মাকালী মূর্তির পুনঃ প্রতিষ্ঠা হলো। এখানে কালী মূর্তি মন্দিরের একতলায় ছিল। সেটি দোতলায় প্রতিষ্ঠা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, স্বেচ্ছাসেবী সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আইসি দিব্যেন্দু দাস এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। উৎপল দত্ত বলেন, এই কালীমা অত্যন্ত জাগ্রত। মায়ের মূর্তি পুনঃ প্রতিষ্ঠিত হলো একতলা থেকে দোতলায়। কালী পুজোর বিশেষ দিনে এই পুনঃ প্রতিষ্ঠার অনুষ্ঠান করা হয়। বহু ভক্তের সমাগম ঘটে এদিন।


